২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় হেরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় সাফল্যের কথা মনে করিয়ে দিলেন রোহিত

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনে বিধ্বস্ত হয়ে ভারতীয় অধিনায়ক বলছেন, ‘ভুলে যাবেন না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আমরা কেমন করেছি’।

দ. আফ্রিকায় হেরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় সাফল্যের কথা মনে করিয়ে দিলেন রোহিত

ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 10:22 AM

Updated : 29 Dec 2023, 03:14 PM

ভারতীয় সংবাদমাধ্যমে এই সিরিজের ট্যাগ লাইন হয়ে গিয়েছিল ‘ফাইনাল ফ্রন্টিয়ার।’ সব দেশে সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকায় কখনও জিততে পারেনি ভারত। সেই আক্ষেপ ঘোচানোর মিশন ব্যর্থ এবারও। সেঞ্চুরিয়ন টেস্টে তিন দিনেই হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে গেছে, এবারও এখানে সিরিজ জিততে পারছে না তারা। তবে এই অভিযানে সফল না হলেও অন্যান্য ‘ফ্রন্টিয়ার’ জয়ের কথা তুলে ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা বলছেন, “ভুলে যাবেন না, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় আমরা কেমন করেছি।”

স্রেফ দুই ম্যাচের টেস্ট সিরিজ এবার। সিরিজ জয়ের জন্য তাই প্রথম টেস্টে হার এড়াতেই হতো ভারতকে। হয়েছে উল্টো। সেঞ্চুরিয়নে তিন দিনের মধ্যেই তারা হেরে গেছে ইনিংস ও ৩২ রানে।

দক্ষিণ আফ্রিকায় সবশেষ তিন সফরে একবারও ইনিংস ব্যবধানে হারতে হয়নি ভারতকে। এবার বলা হচ্ছিল তাদের সিরিজ জয়ের সেরা সুযোগ। দক্ষিণ আফ্রিকার দলটি এবার বেশ অনভিজ্ঞ। এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমাকে চোটের কারণে হারায় তারা ম্যাচের প্রথম দিনেই। অথচ সেই টেস্টেই দোর্দন্ড দাপটে জিতে প্রোটিয়ারা নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে তাদের সাফল্যের ইতিহাস অক্ষত থাকছে এবারও।

ম্যাচের তৃতীয় দিনে শুক্রবার ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে স্রেফ ১৩১ রানেই। সেই ১৯৯৬ সালে ডারবান টেস্টের দুই ইনিংসে ১০০ ও ৬৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় এত কম রান আর করেনি ভারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই এই কন্ডিশনে ভারতের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠল। তবে রোহিত এটিকে দেখছেন স্রেফ একটি বাজে ম্যাচ হিসেবে।

“দলকে অনুপ্রাণিত করার কিছু নেই। তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেটার। এই পারফরম্যান্স স্রেফ একটি ম্যাচের ব্যাপার। ভুলে যাবেন না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আমরা কেমন করেছি। অস্ট্রেলিয়ায় আমরা ব্যাটিং দিয়েই জিতেছি। ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা দিয়ে ইংল্যান্ডে ড্র করেছি। এমন নয় যে ভারতের বাইরে আমরা ব্যাটিং করতে জানি না।”

Image

লোকেশ রাহুলের ব্যাটিং দেখে অন্যদের শিখতে বললেন রোহিত। 

“কখনও কখনও প্রতিপক্ষও আমাদের চেয়ে ভালো খেলে। তাদেরকে কৃতিত্ব দিতে হয়। তবে এমন নয় যে ওরা ১১০ ওভার ব্যাট করেছে, আমরা কিছুই করতে পারিনি। দেশের বাইরে আমাদের গত চার-পাঁচটি সিরিজের স্কোরকার্ড খতিয়ে দেখুন আমরা কেমন করেছি।”

শুধু দ্বিতীয় ইনিংসেই নয়, সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসেও বড় বিপদে পড়েছিল ভারত। কিন্তু লোকেশ রাহুলের অসাধারণ এক সেঞ্চুরি তাদেরকে আড়াইশর কাছে নিয়ে যায়। ভারতের অন্য ব্যাটসম্যানরা যারা বেশি আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছেন, তাদের সামনে রাহুলের ইনিংসকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন রোহিত।

“মাঠে নেমে স্রেফ ইচ্ছেমতো ব্যাট চালানোকে ‘ইন্টেন্ট’ বলে না। এই কন্ডিশনে তা করা যায় না। এটা বুঝতে হবে যে, ‘ইন্টেন্ট’ দেখানো আর শৃঙ্খলা- দুটির মধ্যে সূক্ষ্ম একটি ব্যবধান আছে। প্রথম ইনিংসে রাহুলের ইনিংস দেখুন। ‘ইন্টেন্ট’ দেখানোর পাশাপাশি কন্ডিশনকেও সমীহ করার আদর্শ উদাহরণ সেটি। দিনশেষে সে ৭০ স্ট্রাইক রেটে রান করেছে এবং বাজে বলের সাজা দিয়েছে। ‘ইন্টেন্ট’ বলা হয় এটিকেই।”

“সব ক্রিকেটারই আলাদা এবং আমরা কথা বলি, সবাই যেন কন্ডিশন মাথায় রেখে নিজেদের মতো করেই খেলতে পারে, যা করতে চায় তা করতে পারে। সবকিছুরই একটা মিশ্রণ এখানে থাকতে হবে- ‘ইন্টেন্ট’, কিছুটা শৃঙ্খলাবোধ… স্রেফ একমুখি মানসিকতা নিয়ে এই কন্ডিশনে মাঠে নামা যাবে না।”

ব্যাটিংয়ের চেয়ে রোহিত বরং আঙুল বেশি তুললেন দলের বোলিংয়ের দিকে। দক্ষিণ আফ্রিকা একমাত্র ইনিংসে রান তোলে ৪০৮। ওভারপ্রতি চারের কাছাকাছি রাত তুলেছে তারা। জাসপ্রিত বুমরাহ দারুণ বোলিংয়ে ৪ উইকেট নেন ৬৯ রান দিয়ে। তবে অন্য পেসাররা মোটেও ভালো করতে পারেননি। মোহাম্মদ সিরাজ ২ উইকেট নেন ওভারপ্রতি চারের কাছাকাছি রান দিয়ে। শার্দুল ঠাকুর ১ উইকেট নিতে পারেন ওভারপ্রতি প্রায় সাড়ে পাঁচ করে রান দিয়ে। অভিষিক্ত প্রাসিধ কৃষ্ণার ১ উইকেট আসে ওভারপ্রতি সাড়ে চারের কাছাকাছি রান দিয়ে। সেই তুলনায় বরং অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বেশ ভালো বোলিং করেন (১৯-৬-৪১-১)।

রোহিত এখানে সরাসরিই কাঠগড়ায় তুললেন বুমরাহ ছাড়া অন্য পেসারদের।

“এটা মোটেও ৪০০ রানের উইকেট নয়। আমরা অনেক বেশিই রান দিয়েছি। এলোমেলো বোলিং করেছি। যদিও এমনটি হতেই পারে। তবে স্রেফ একজন বোলারের ওপর নির্ভর করতে পারি না আমরা। অন্য পেসারদেরও এগিয় আসতে হবে। দক্ষিণ আফ্রিকার বোলিং থেকে শিখতে পারি আমরা।”

“বুমরাহ ভালো বোলিং করেছে এবং আমরা জানি সে কতটা মানসম্পন্ন। তার স্রেফ প্রয়োজন ছিল সামান্য সমর্থন, যা সে পায়নি। এরকম অবশ্য হতেই পারে। অন্য তিন পেসারই চেষ্টা করেছে, তবে প্রত্যাশামতো পারেনি। তবে এই ধরনের ম্যাচ থেকে শেখা যায় যে, বোলিং ইউনিট হিসেবে কী করতে হবে।”

দক্ষিণ আফ্রিকা সফরে এবার আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারত। একটি দুই দিনের ম্যাচ খেলেছে তারা নিজেদের মধ্যেই। সেই ম্যাচে তো নিশ্চিতভাবেই ঝাঁজ তেমন থাকার কথা নয়। তাদের প্রস্তুতির ঘাটতি নিয়েও তাই প্রশ্ন উঠছে। প্রস্তুতি ম্যাচ না খেলার ব্যাখ্যাও দিলেন ভারতীয় অধিনায়ক।

“গত ৫-৬ বছরে তো আমরা অনেক প্রস্তুতি ম্যাচই খেলেছি। এমনকি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছি (গা গরমের ম্যাচ হিসেবে), কিন্তু এসব ম্যাচে মূল ম্যাচের মতো উইকেট দেওয়া হয় না। এজন্যই আমাদের কাছে মনে হয়েছে নিজেদের মতো উইকেট বানিয়ে নিজেরা প্রস্তুতি নেওয়া ভালো। আমরা যখন অস্ট্রেলিয়ায় গিয়েছি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় এসেছি, (প্রস্তুতি ম্যাচে) বল হাঁটুর ওপরে ওঠেনি। কিন্তু মূল ম্যাচে বল মাথার ওপর দিয়ে উড়ে যায়।”

“এসব মাথায় রেখেই আমরা নিজেদের মতো প্রস্তুতি নিয়েছি। যদি প্রস্তুতি ম্যাচেও টেস্ট ম্যাচের মতো উইকেট পেতাম, তাহলে ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু গত তিন-চার সফরে এরকম হয়নি। এমনকি প্রতিপক্ষ দলের বোলারদের গতি থাকে ১২০-১২৫ কিলোমিটার। দেশের বাইরে গত ২-৩টি প্রস্তুতি ম্যাচেই এরকম হয়েছে। এজন্যই আমরা পিচ নিজেদের মতো তৈরি করে আমাদের বোলারদের খেলেই প্রস্তুতি নেই।”

রোহিতের এই দাবির পক্ষে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে হয়তো যুক্তি কিছু আছে। তবে অস্ট্রেলিয়ায় তাদের গত সফরের প্রস্তুতি ম্যাচে শন অ্যাবট, মিচেল সোয়েপসনের মতো বোলাররা খেলেছেন, যারা মূল টেস্ট স্কোয়াডের অংশ ছিলেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে সিডনিতে সেই ম্যাচের উইকেটও দারুণ প্রাণবন্ত ছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ২০১৭-১৮ মৌসুমের সফরেও কোনো প্রস্তুতি ম্যাচই খেলেনি ভারত।

সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার ড্র করার চ্যালেঞ্জ ভারতের সামনে। কেপ টাউনে নিউ ইয়ার টেস্ট শুরু বুধবার থেকে।