১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ খেলতে 'প্রস্তুত' আফ্রিদি

পিসিবির প্রধান রমিজ রাজার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোও খেলতে তৈরি এই পেসার।

অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ খেলতে 'প্রস্তুত' আফ্রিদি

ছবি : আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 03:39 PM

Updated : 08 Oct 2022, 03:49 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দল ও ভক্ত-সমর্থকদের দারুণ একটা সুখবর দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা। বোলিংয়ের মূল ভরসা শাহিন শাহ আফ্রিদি চোট কাটিয়ে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন তিনি।

লম্বা একটা সময় ধরে মাঠের বাইরে পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পাওয়া হাঁটুর চোটে খেলতে পারেননি তিনি এশিয়া কাপ ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। চলমান ত্রিদেশীয় সিরিজেও নেই দলটির বোলিং আক্রমণের সেরা অস্ত্র।

পুনর্বাসনের জন্য এখন লন্ডনে আছেন আফ্রিদি। তার সঙ্গে কথা বলে রমিজ ডন নিউজকে জানান এই পেসারকে নিয়ে সুসংবাদ।

“শাহিনের সঙ্গে আমার কথা হয়েছে…সে বলেছে, অনেকদিন সে এতটা ভালো অনুভব করেনি। তাই বলতে হবে, তার ভালো উন্নতি হয়েছে।”

“সে আরও বলেছে, লড়াইয়ের জন্য শিগগিরই প্রস্তুত হয়ে উঠবে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর।”

এই মুহূর্তে পাকিস্তানের সেরা পেসার আফ্রিদি। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি বোর্ড, বললেন দলটির সাবেক অধিনায়ক রমিজ।

“হাঁটুর চোট টেকনিক্যাল সমস্যা ও নাজুক বিষয়। আমাদের ভাবনা এমন ছিল যে, সে ১১০ ভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না।”

আগামী ২৩ অক্টোবর ভারত ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা; ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচগুলোও খেলতে পারবেন বলে আফ্রিদি নিশ্চিত করেছেন রমিজকে।।

“আমরা যখন কথা বলছিলাম, তখন শাহিন বলল, ‘আমি ইতোমধ্যে ১১০ ভাগ ফিট, চিন্তার কিছু নেই। আমি প্রস্তুতি ম্যাচগুলোতেও খেলব এবং ভারতের বিপক্ষে খেলার জন্য প্রস্তত থাকব’।”