২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটিতে থারাঙ্গা-মেন্ডিস

দুই বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ সদস্যের এই কমিটি।

শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটিতে থারাঙ্গা-মেন্ডিস

উপুল থারাঙ্গা (বাঁয়ে) ও অজন্তা মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 08:53 PM

Updated : 15 Dec 2023, 02:05 AM

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সাবেক ওপেনার উপুল থারাঙ্গাকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- সাবেক রহস্য স্পিনার অজান্তা মেন্ডিস, সাবেক কিপার-ব্যাটসম্যান ইন্ডিকা ডি সারাম, সাবেক ওপেনার থারাঙ্গা পারানাভিতানা ও সাবেক অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা।

নতুন নির্বাচক কমিটির মেয়াদ দুই বছরের। শ্রীলঙ্কার ক্রিকেটে এমন পদে এটিই সবচেয়ে কম বয়সীদের কমিটি। যেখানে সবচেয়ে বয়স্ক সদস্য সারামের বয়স ৫০। পারানাভিতানা ও পেরেরার বয়স ৪১। থারাঙ্গা ও মেন্ডিসের কেবল ৩৮।

থারাঙ্গা, পেরেরা ও সারাম এই বছরেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। পারানাভিতানা সবশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ২০২০ সালে। ২০১৯ সালে অবসরে যাওয়া মেন্ডিস লিজেন্ডস ক্রিকেট লিগে খেলেছেন গত বছর।

এই পাঁচ জনের মধ্যে থারাঙ্গাই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি অভিজ্ঞ। ২৩৫ ওয়ানডেতে তার রান প্রায় ৭ হাজার। ৩১ টেস্টে রান দেড় হাজারের বেশি। দুই সংস্করণ মিলিয়ে শতক ১৮টি। এ ছাড়া ২৬টি টি-টোয়েন্টিও খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মেন্ডিস ১৯ টেস্টে উইকেট নিয়েছেন ৭০টি। ৮৭ ওয়ানডেতে তার শিকার ১৫২ উইকেট। ৩৯ টি-টোয়েন্টিতে উইকেট ৬৬টি।

সারাম ৪ টেস্ট, ১৫ ওয়ানডের পাশাপাশি খেলেছেন একটি টি-টোয়েন্টি। পারানাভিতানা খেলেছেন ৩২ টেস্ট। ৪৩ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন পেরেরা।

শ্রীলঙ্কার নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর কাছে এসএলসি নামের তালিকা দেওয়ার পর নতুন নির্বাচক কমিটি চূড়ান্ত করা হয়। শ্রীলঙ্কার ক্রীড়া আইনে, নির্বাচক কমিটি নিয়োগের ক্ষমতা আছে একমাত্র ক্রীড়া মন্ত্রীর। সংবাদমাধ্যমের খবর, প্রমোদ বিক্রমাসিংহের নেতৃত্বে বিদায়ী কমিটিই রেখে দেওয়ার পক্ষে ছিল এসএলসি। তবে ফার্নান্দো নতুন মুখ নিতে আগ্রহী ছিলেন।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৯ ম্যাচের কেবল দুটি জিততে পারে শ্রীলঙ্কা। ১০ দলের মধ্যে নবম হয় তারা। ফলে খেলতে পারবে না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেখানে খেলবে বিশ্বকাপের শীর্ষ আট দল।

নতুন কমিটির প্রথম কাজ হবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।