পিসিবির হুমকি পাত্তা দিচ্ছে না ভারত
এশিয়া কাপ খেলতে ভারত দলের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এশিয়া কাপ পাকিস্তানে না হলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারাও তাদের দলকে ভারতে না পাঠানোর যে হুমকি দিয়েছে, সেটিকে পাত্তাই দিচ্ছেন না ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তার আশা, ২০২৩ বিশ্বকাপ খেলতে তাদের দেশে আসবে পাকিস্তান।
সেই সঙ্গে চলমান আলোচিত বিষয়ে বললেন, এশিয়া কাপ খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। দুই দেশের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে পাকিস্তানে যেতে চায় না ভারত, তাই এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে বলে গত মঙ্গলবার মন্তব্য করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি।
জয় শহর ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় পরদিন হতাশা ও বিস্ময় প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ‘একতরফাভাবে’ নেওয়া হচ্ছে বলে মনে করছে তারা। শেষ পর্যন্ত এমন কিছু হলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের যাওয়ার সিদ্ধান্তেও প্রভাব পড়তে পারে বলে হুমকি দেয় পিসিবি।
এসব নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুরাগ ঠাকুর জানান তার অভিমত। তার দেশ ক্রিকেটে কারও হুকুমে চলবে না বলেও মনে করিয়ে দেন তিনি।
“যারা (বিশ্বকাপে) জায়গা পাবে, তাদের সবাইকে (ভারতে) আমন্ত্রণ। পাকিস্তান অনেকবার ভারতে এসে খেলেছে। আমি মনে করি, ভারত এমন কোনো অবস্থানে নেই যে কারও হুকুমে চলবে এবং কারও সেটা করার কারণও নেই। আশা করি, সব দেশ আসবে ও লড়বে।”
দুই দেশের যে রাজনৈতিক বৈরিতা, তাতে এশিয়া কাপ খেলতে ভারত দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। অনুরাগ বললেন, তাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
“(পাকিস্তানে যাওয়ার ব্যাপারে) এই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছুর আগে খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ।”
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দল সম্প্রতি পাকিস্তান সফর করেছে, বিষয়টি মনে করিয়ে দিলে অনুরাগ তা এড়িয়ে যান।
উল্লেখ্য, জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
