বিশ্বকাপ খেলতে ‘ভারতে না যাওয়ার’ হুমকি পাকিস্তানের
পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে তাদের ভারত সফরে প্রভাব পড়তে পারে, বলেছে পিসিবি।
এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর মন্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান থেকে ২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ‘একতরফাভাবে’ নেওয়া হচ্ছে বলে মনে করছে তারা। শেষ পর্যন্ত এমন কিছু হলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের যাওয়ার সিদ্ধান্তেও প্রভাব পড়তে পারে বলে হুমকি দিয়েছে পিসিবি।
দুই দেশের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে পাকিস্তানে যেতে চায় না ভারত, তাই এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে বলে মঙ্গলবার মন্তব্য করেন জয় শাহ।
“২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। আমি এসিসি সভাপতি হিসেবে এটা বলছি। আমরা (ভারত) সেখানে (পাকিস্তানে) যেতে পারি না, তারা এখানে আসতে পারে না। অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।”
পরদিন বিবৃতি দিয়ে পিসিবি বলেছে, জয় শাহর ওই মন্তব্যে তারা বিস্মিত ও হতাশ।
“এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (আয়োজক) সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এবং দীর্ঘমেয়াদী পরিণতি ও প্রভাব সম্পর্কে কোনো চিন্তাভাবনা ছাড়াই ওই মন্তব্য করা হয়েছে।”
“এসিসির বৈঠকে এসিসি বোর্ড সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েই পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করা হয়েছিল। এশিয়া কাপ সরিয়ে নেওয়ার বিষয়ে জয় শাহর বক্তব্য স্পষ্টতই একতরফা। যে দর্শন ও চেতনায় ১৯৮৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছিল, এটি তার বিপরীত। সংস্থার সদস্যদের স্বার্থ রক্ষা এবং এশিয়ায় ক্রিকেট খেলাকে সংগঠিত, বিকশিত ও প্রচারের জন্যই এশিয়ান ক্রিকেট সংস্থা।”
এই বিষয় নিয়ে আলোচনার জন্য এসিসি বোর্ডকে জরুরি সভা ডাকার অনুরোধ করেছে পাকিস্তানের বোর্ড।
“এই ধরনের বিবৃতিগুলির সামগ্রিক প্রভাব এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করতে পারে। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য পাকিস্তানের ভারত সফর এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে আইসিসির অন্যান্য ইভেন্টগুলিকে প্রভাবিত করতে পারে এটি।”
“এসিসি সভাপতির মন্তব্যের বিষয়ে পিসিবি এখনও এসিসির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি। এই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডের জরুরি সভা ডাকতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করেছে পিসিবি।”
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ ৯ বছর ধরে। সবশেষ ২০১৩ সালে ভারতে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে, সেবারও ভারতে গিয়েছিল পাকিস্তান। আর ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। পাকিস্তানে তারা সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ ভারত সফর করেছিল পাকিস্তান।
এখন শুধুমাত্র এসিসি ও আইসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। সবশেষ তাদের দেখা হয়েছিল গত অগাস্ট-সেপ্টেম্বরে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। আগামী রোববার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
