২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

২০২৩ সালের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে চান বিসিসিআই সচিব ও এসিসি সভাপতি জয় শাহ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 04:34 PM

Updated : 18 Oct 2022, 04:46 PM

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে। টুর্নামেন্টটি খেলতে প্রতিবেশী দেশটিতে যাবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহ চান, এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি হোক কোনো নিরপেক্ষ ভেন্যুতে।   

মুম্বাইয়ে মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় শাহ বলেন, এসিসিতে আলোচনার পরই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

“২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। আমি এসিসি সভাপতি হিসেবে এটা বলছি। আমরা (ভারত) সেখানে (পাকিস্তানে) যেতে পারি না, তারা এখানে আসতে পারে না। অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।” 

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ ৯ বছর ধরে। সবশেষ ২০১৩ সালে ভারতে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে, সেবারও ভারতে গিয়েছিল পাকিস্তান। আর ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। পাকিস্তানে তারা সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে। 

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। 

এখন শুধুমাত্র এসিসি ও আইসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। সবশেষ তাদের দেখা হয়েছিল গত অগাস্ট-সেপ্টেম্বরে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। 

আগামী রোববার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।