২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ রানআপে তাসকিনের বোলিং শুরু

কাঁধের চোট থেকে সেরে ওঠার পথে দারুণ উন্নতি করেছেন তাসকিন আহমেদ।

পূর্ণ রানআপে তাসকিনের বোলিং শুরু

একটু একটু করে ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 07:23 PM

Updated : 02 Jan 2024, 07:23 PM

মাঠে ফেরার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেছেন তাসকিন আহমেদ। বিপিএল দিয়ে ফেরার লক্ষ্য ঠিক করে পূর্ণ রানআপে বোলিং শুরু করেছেন তারকা পেসার। 

ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে তাসকিন। পুরনো কাঁধের চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি ২৮ বছর বয়সী পেসার।

সেরে ওঠার পথে গত মাসের দ্বিতীয় সপ্তাহে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তাসকিনের। শুরুতে কিছু দিন তিনি বোলিং করেন ছোট ছোট রানআপে। এরপর ধীরে ধীরে বড় হয়েছে তার রানআপ। 

এখন তিনি বোলিং করছেন পূর্ণ রানআপে। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সপ্তাহ দুয়েকের মধ্যে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার আশার কথা জানিয়েছেন তাসকিন।

“আল্লাহ্‌র রহমতে আগের চেয়ে ভালো। কাঁধে একটু সমস্যা হচ্ছিল। এখন মাশাআল্লাহ্‌ আগের চেয়ে অনেক ভালো। বিপিএল দিয়ে আবার শুরু করার লক্ষ্য। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক।”

“পূর্ণ রান-আপে বোলিং শুরু করেছি। পাঁচটা সেশন বোলিং করলাম। আগের চেয়ে ভালো অনুভূত হচ্ছে। বিপিএলের এখনও প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। সব ঠিক থাকলে ওটা দিয়েই শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই পরিকল্পনা।”

কয়েক বছর ধরে দারুণ বোলিংয়ের ছন্দ নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তাসকিন। পেস বোলিং বিভাগের নেতা হিসেবে তার ওপর দলের প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু বড় মঞ্চে হতাশ করেন তিনি।

সাত ম্যাচে তিনি নিতে পারেন কেবল পাঁচ উইকেট। ওভারপ্রতি খরচ করেন সাড়ে পাঁচের বেশি রান। গড়ে একেকটি উইকেটের জন্য বল করেন ৬৬টি, রান দেন ষাটের বেশি। তার বোলিংয়ের গতিও দেখা গেছে গড়পড়তার চেয়ে কম।  

বিশ্বকাপের মাঝে সংবাদমাধ্যমে তাসকিন নিজেই বলেছিলেন, কাঁধের চোটের সঙ্গে লড়াই করে খেলে চলেছেন তিনি। জানান, বিশ্বকাপের পর চোটের অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেবে বিসিবি।  

সেই অনুযায়ী নিউ জিল্যান্ডের বিপক্ষে তাকে রাখা হয় দলের বাইরে। শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। তাসকিনকে ছাড়া নিউ জিল্যান্ড সফরে গিয়ে দুই সিরিজেই দারুণ বোলিং করেন শরিফুল ইসলাম। শেষ ওয়ানডেতে সামর্থ্যের ছাপ রাখেন তানজিম হাসানও।

বাইরে বসে পেসারদের এমন পারফরম্যান্স দেখে শান্তি পাওয়ার কথা বললেন তাসকিন।

“এটা (নিউ জিল্যান্ডে পেসারদের ভালো বোলিং) আসলে খুবই শান্তির একটা বিষয়। আমি যখন ম্যাচগুলো দেখছিলাম, সবাই এত দারুণ বোলিং করেছে! এটা খুবই স্বস্তির। দিন শেষে পেসারদের দাপটে এই প্রথম আমরা নিউ জিল্যান্ডে জয় পেয়েছি। পেসার হিসেবে এটা অনেক শান্তির।”

“আমিও অনেক মিস করেছি। কারণ নিউ জিল্যান্ডে বোলিং করতে সবসময় খুব উপভোগ করি। সিম মুভমেন্ট খুব ভালো পাওয়া যায়। ওখানে থাকতে পারলে আমি আরও উপভোগ করতাম। জয়ের সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। তবে দিন শেষে আমাদেরই তো দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড়। সামনে বাংলাদেশের পেস বিভাগ আরও ভালো করবে। সবাই মিলে আরও জয় উপহার দেব।”

ফেরার লড়াইয়ে পুরোপুরি সফল হলে আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলে দেখা যাবে তাসকিনকে। এবারের আসরে দুর্দান্ত ঢাকার হয়ে খেলার কথা তার।