বড় রানের আশায় বিপিএল শুরুর অপেক্ষায় সিলেট
ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এসেছে সিলেটে, বরাবরের মতো এবারও আশা বড় রানের ম্যাচের।
‘সবাই সিলেট স্ট্রাইকার্সের জার্সি কিনতে চায়। কিন্তু এবার তো আমরা বেচতে পারছি না’- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে হতাশা নিয়ে বললেন এক ভ্রাম্যমাণ জার্সি বিক্রেতা। তাই বলে থেমে নেই দলটির জার্সি বিক্রি। ফ্র্যাঞ্চাইজিটি নিজেরাই এবার নিয়েছে জার্সি বিক্রির দায়িত্ব। সেই স্টলেও চোখে পড়ার মতো ভিড়। সিলেটের মাঠে তাই আরও একবার দেখা যেতে পারে গোলাপি জোয়ার।
বিপিএলের গত আসরে চার দিনে ৮টি ম্যাচ হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার এখানে ম্যাচের সংখ্যা বেশি। শুক্রবার শুরু হয়ে সিলেট পর্বে ছয় দিনে এবার হবে ১২টি ম্যাচ। যা শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
ঘরের মাঠে পাঁচ দিন খেলবে স্বাগতিক দল। নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার পর গত আসরে এখানে সিলেটের প্রতিটি ম্যাচে গ্যালারিতে সমর্থকদের জোয়ার নামে। এবারও দেখা যেতে পারে অভিন্ন চিত্র। বৃহস্পতিবার সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা যায় টিকেট কাউন্টারে। এর কাছেই সিলেটের জার্সি বিক্রির স্টলে সমর্থকদের আনাগোনা লেগেই ছিল।
সিলেট পর্বের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে স্বাগতিক দলটি। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।
টুর্নামেন্টের উন্মাদনা বাড়াতে ঢাকার মতো সিলেটেও যেন প্রচারণায় বাড়তি মনোযোগ দিয়েছেন আয়োজকরা। স্টেডিয়ামের আশপাশ তো বটেই, শহরের ব্যস্ত মোড়গুলোতেও সড়ক বিভাজকে টানানো হয়েছে রিকশাচিত্রে করা বিভিন্ন আকর্ষণীয় ব্যানার।
স্টেডিয়াম প্রাঙ্গনে স্কাই বেলুন, ফ্লাডলাইটের ওপরের দিকে লাগানো বড় বড় ব্যানার দেখে সহজেই বোঝা যায়, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবার চলে এসেছে সিলেটে। বিপিএলের আগের আসরগুলোতে দেখা যায়নি এই তৎপরতা।
এতসব আয়োজন পূর্ণতা পাওয়ার বড় উপায় বাইশ গজের জমজমাট খেলা। সিলেটের মাঠে বরাবরই দেখা মেলে রান-উৎসবের ম্যাচ। এবারও কি ব্যাটসম্যানদের দুই হাত ভরে দেওয়ার অপেক্ষায় এই মাঠ? এক মাঠকর্মী সিলেট পর্ব শুরুর আগের দিন বলেই দিলেন, ‘ব্যাটসম্যানদের জন্য স্বর্গ প্রস্তুত। শুধু তাদের রান করার অপেক্ষা।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে বৃহস্পতিবারের অনুশীলনে এই কথার কিছুটা প্রতিফলন দেখা গেছে। পাশাপাশি ছয়টি উইকেটের সবকটিতেই ছিল সুষম বাউন্স ও গতি। থ্রো ডাউন বা একটু এদিক-সেদিক যাওয়া যে কোনো ডেলিভারি অবলীলায় বড় শট খেলছিলেন রংপুরের বাবর আজম, আজমতউল্লাহ ওমারজাই কিংবা খুলনার এভিন লুইস, দাসুন শানাকারা।
মূল মাঠের উইকেটে ম্যাচের আগের দিন দেখা গেছে হালকা সবুজ ঘাসের ছোঁয়া। দুপুরের রোদে যেন চকচক করছিল ওই বাইশ গজ। যা প্রতিবারই ব্যাটসম্যানদের জন্য বয়ে আনে রানের অবারিত সুযোগ।
সিলেটের মাঠে গত আসরের আট ম্যাচের ছয়টিতেই দুই ইনিংসে দেখা যায় দেড়শ ছাড়ানো স্কোর। শেষ দিন খুলনার করা ২১০ রান টপকে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল কুমিল্লা।
এবারও যে ব্যতিক্রম হবে না, সেটি যেন ভালোভাবেই জানা সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসানের। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোলারদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন স্থানীয় এই পেসার।
“সিলেটের মাঠে সাধারণত শিশির একটু বেশি পড়ে। কুমিল্লার সঙ্গে যেহেতু রাতে খেলা, বল খুব ভালোভাবে ব্যাটে আসবে। ব্যাটসম্যানদের রান করার ক্ষেত্রে সুবিধা হবে। এই উইকেটে বল তুলনামূলক কম গ্রিপ হয়। তাই রান হবে অনেক।”
চলতি বিপিএলে এখন পর্যন্ত ঢাকায় রাতে হওয়া চার ম্যাচের প্রতিটিতেই দেখা গেছে শিশিরের প্রভাব। টস জিতে ফিল্ডিং নেওয়া দল অনায়াসে রান তাড়া করে ফল এনেছে নিজেদের পক্ষে। সিলেটেও যেন এর পুনর্মঞ্চায়নের অপেক্ষা।
নিজেদের মাঠে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলবে সিলেট। ঢাকায় দুই ম্যাচে জয়হীন থাকা দলের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এটি। এখানে রংপুরের ম্যাচ হবে ৪টি। বাকি পাঁচ দলের সবাই সিলেটে খেলবে ৩টি করে ম্যাচ।
এখন পর্যন্ত দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা। এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রামেরও সমান পয়েন্ট। তবে নেট রান রেটে পিছিয়ে তারা। একটি করে ম্যাচ জিতেছে রংপুর, দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ও বরিশাল।
সিলেট পর্ব শেষে কী অবস্থা দাঁড়ায় পয়েন্ট টেবিলের, সেটিরই অপেক্ষা!
