পাকিস্তানের মেয়েদের ফের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রানে জিতল বাংলাদেশ নারী দল।
ব্যাট হাতে সম্মিলিত পারফরম্যান্সে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারী দল। পরে বোলাররা আটকে রাখলেন পাকিস্তানের ব্যাটারদের। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে জিতেছে বাংলাদেশ। ১২১ রানের লক্ষ্যে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০০ রানে থেমেছে পাকিস্তান।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পঞ্চমবারে এসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল তারা। সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় এটি।
এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ড ও পরের বছর থাইল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
১টি করে চার-ছক্কায় দলের সর্বোচ্চ ২৭ রান করেন স্বর্ণা আক্তার। ২২ বলের এই ইনিংসের সৌজন্যে ১১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন ১৬ বছর বয়সী অলরাউন্ডার।
প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের কারিগর নাহিদা আক্তার এবার ধরেন ১৫ রানে ২ শিকার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় সালমা খাতুনের পাশে বসলেন তিনি। দুজনেরই এখন সমান ৮৪ উইকেট।
সাবেক অধিনায়ক সালমা ৯৩ ইনিংসে পেয়েছিলেন ৮৪ উইকেট। বর্তমান দলের সহ-অধিনায়ক ৭১ ইনিংসেই ছুঁয়ে ফেললেন তাকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন একপ্রান্ত ধরে খেলতে থাকেন।
তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারিও করেন ইতিবাচক শুরু। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। রান আউটে শেষ হয় তার ২ চারে ১১ বলে ১৬ রানের ইনিংসের। মুর্শিদা আউট হন ২৮ বলে ২০ রান করে।
অধিনায়ক নিগার সুলতানা বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে স্বর্ণার ৩৮ রানের জুটিতে দলের রান একশ পার হয়। রিতু ২১ বলে করেন ১৯ রান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিয়ানা বেগ।
পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই নাটালিয়া পারভেজকে বোল্ড করে দেন মারুফা আক্তার। এরপর বিসমাহ মারুফ এক প্রান্ত আগলে রাখলেও অন্যরা টিকতে পারেননি।
২ চারে ৪৪ বলে ৩০ রান করে ফাহিমা খাতুনের বলে স্টাম্পড হন বিসমাহ। শেষ দিকে ইরাম জাভেদ, উম্মে হানিরা চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি।
একই মাঠে রোববার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২০/৬ (শামিমা ১৮, মুর্শিদা ২০, সোবহানা ১৬, নিগার ১০, স্বর্ণা ২৭*, রিতু ১৯, নাহিদা ৪, শরিফা ১*; দিয়ানা ৪-০-৩৪-২, সাদিয়া ৪-০-২৪-১, নিদা ৪-০-৩৩-০, সান্ধু ৪-০-১৬-১, উম্মে হানি ৪-০-১২-১)
পাকিস্তান: ২০ ওভারে ১০০/৭ (সিদরা ৯, পারভেজ ০, বিসমাহ ৩০, মুনিবা ৬, নিদা ৬, আলিয়া ৮, ইরাম ১৫, উম্মে হানি ১৪*, দিয়ানা ৩*; মারুফা ৩-০-১৫-১, নাহিদা ৪-০-১৫-২, শরিফা ৩-০-১৫-০, রাবেয়া ৪-০-২১-২, ফাহিমা ৪-০-১৫-১, স্বর্ণা ২-০-১৬-০)
ফল: বাংলাদেশ ২০ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: স্বর্ণা আক্তার
