ফের আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রশিদ খান
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন রশিদ দলকে নতুন উচ্চতায় নিতে পারবে বলে বিশ্বাস এসিবি প্রধানের।
ঘুরেফিরে আবারও টি-টোয়েন্টির নেতৃত্বের ভার রশিদ খানকেই দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত মাসে শেষ হওয়া বিশ্বকাপের পর মোহাম্মদ নবি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এবং এবার তার জায়গায় ফিরলেন রশিদ।
কেবল এই সংস্করণেই নয়, অতীতে অন্য সংস্করণেও আফগানিস্তান দলের অধিনায়ক ছিলেন এই তারকা লেগ স্পিনার। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফের বিশ্বাস, বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন রশিদ “দলকে নতুন উচ্চতায় নিতে পারবেন।”
পুরনো দায়িত্বে নতুন মেয়াদে রশিদের প্রথম চ্যালেঞ্জ আগামী ফেব্রুয়ারিতে; সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।
২০ ওভারের সংস্করণে আবারও অধিনায়ক হিসেবে ফিরে দলকে সফলতার পথে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রশিদ।
“অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব। আগেও আমার দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, দলে দারুণ সব খেলোয়াড় আছে এবং তাদের সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো, তাদের সঙ্গে আমি স্বচ্ছন্দও বোধ করি। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব, দলকে সঠিক পথে এগিয়ে নিতে এবং আমাদের দেশ ও জাতিকে গর্বিত করতে ও আনন্দিত করতে কাজ করব।”
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে আফগানিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন রশিদ। সেই সময় সাত ম্যাচ খেলে চারটি জিতেছিল তারা।
সব সংস্করণ মিলিয়ে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে ১৬ ম্যাচ খেলে সাতটিতে জিতেছে আফগানিস্তান।
গত দুই বছর ধরেই রশিদকে অধিনায়ক করতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। নেতৃত্বভার তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে-এই শঙ্কায় গত বছর জুনে অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তারপরও পরের মাসেই তাকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করে এসিবি।
অবশ্য বিশ্বকাপ শুরুর এক মাস আগে নেতৃত্ব ছেড়ে দেন রশিদ। কারণ হিসেবে তখন তিনি অভিযোগ করেছিলেন, নির্বাচক কমিটি ও এসিবি দল গঠনের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেনি বা তার সম্মতি নেয়নি। এরপরই অধিনায়কের দায়িত্ব নেন নবি।
রশিদকে আবার নেতৃত্বে ফিরে পেয়ে সামনে দলের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন এসিবি প্রধান।
“রশিদ খানের তিন ফরম্যাটেই আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞতা আছে। আবারও তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে পেয়ে আমরা খুশি। আমি নিশ্চিত, সে এই দায়িত্বে দারুণ করবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে।”
