০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ধানাঞ্জায়া

নেতৃত্বভার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে সিদ্ধান্তটি নিয়েছেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ধানাঞ্জায়া

ধানাঞ্জায়া ডি সিলভা। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 03:27 PM

Updated : 08 Oct 2026, 03:40 PM

মাসখানেক পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এমন সময়ে শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধানাঞ্জায়া ডি সিলভা। নেতৃত্বভার ‘পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার’ ইচ্ছা থেকেই সিদ্ধান্তটি নিয়েছেন এই অলরাউন্ডার।

নভেম্বরে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ শুরু ৯ নভেম্বর। দ্বিতীয়টি লাহোরে, শুরু ১৭ নভেম্বর। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী ধানাঞ্জায়া।

নতুন টেস্ট অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কার নির্বাচকরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনালে শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা প্রায় শেষ। পরবর্তী চক্র শুরুর আগে নতুন অধিনায়ককে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে সিদ্ধান্তটি নিয়েছেন ধানাঞ্জায়া।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটিকে পাঠানো চিঠিতে ধানাঞ্জায়া লিখেছেন, “আমি মন থেকে বিশ্বাস করি, এই দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।”

ধানাঞ্জায়াকে সামনের পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা।

“শ্রীলঙ্কা ক্রিকেট (ধানাঞ্জায়া) ডি সিলভাকে তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানাচ্ছে এবং আমাদের টেস্ট দলকে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে।” বিবৃতিতে আরও বলা হয়, খেলোয়াড় হিসেবে তার ‘খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে’ এসএলসি।

২০২৪ সালে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দিমুথ কারুনারাত্নের স্থলাভিষিক্ত হন ধানাঞ্জায়া। এই দায়িত্বে অম্ল-মধুর সময় কেটেছে তার। ধানাঞ্জায়ার নেতৃত্বে সাতটি টেস্ট জিতেছে শ্রীলঙ্কা, হেরেছে আটটিতে। আর ড্র হয়েছে তিনটি।

অধিনায়ক হিসেবে ধানাঞ্জায়ার সবচেয়ে ভালো সময় ছিল ২০২৪ সাল। ওই বছর বাংলাদেশ ও নিউ জিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় তার দল। আর চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে লঙ্কানরা।