২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটুর জন্য ছক্কার রেকর্ড হলো না সাকিবের

আর একটি ছক্কা মারলে তামিম ইকবালের রেকর্ড ছুঁতে পারতেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 01:11 PM

Updated : 18 Dec 2022, 01:11 PM

দিনের শুরুর দিকেই নিজের অভিপ্রায় পরিষ্কার স্পষ্ট করে দিলেন সাকিব আল হাসান। বোলিং করছিলেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। দুইটি বলে সুযোগ থাকলেও সিঙ্গেল নিলেন না সাকিব, হয়তো অন্য প্রান্তে ডানহাতি মেহেদী হাসান মিরাজ থাকায়। ওভারের শেষ বল নাগালের মধ্যে পেয়ে তিনি উড়িয়ে দিলেন ডিপ মিড উইকেট দিয়ে। ওই বলের পরিণতি ছক্কা।  

চট্টগ্রাম টেস্টের শেষ দিন যতক্ষণ উইকেটে ছিলে,ন ঠিক এভাবেই খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। আকসারকে ছক্কায় ওড়ান তিনি আরও দুইবার। পেসার মোহাম্মদ সিরাজের বলেও উড়িয়ে মারতে সংকোচ করেননি তিনি। বাউন্ডারিতে ভর করে দ্রুতগতিতে এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরি হয়নি। অল্পের জন্য তিনি ছুঁতে পারেননি এক ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। 

আগের দিন ৩ চার ও ২ ছয়ে ৪০ রানে অপরাজিত ছিলেন সাকিব। শেষ দিন ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরও ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি। সব মিলিয়ে ৬টি করে চার ও ছয়ের মারে ১০৮ বলে করেছেন ৮৪ রান। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড এটি। 

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের খুলনা টেস্টে ২০৬ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন তামিম ইকবাল। সেটিই এখনও পর্যন্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের এক ইনিংস সর্বোচ্চ ছয়ের রেকর্ড।  

সাকিবের আগে ইনিংসে ৬টি করে মেরেছেন মোহাম্মদ রফিক ও নাজমুল হোসেন শান্ত। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬৫ রান করার পথে ৬টি ছক্কা মারেন রফিক। গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ চারের সঙ্গে ৬ ছয়ে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত।  

বিশ্ব ক্রিকেটের হিসেবে অবশ্য এখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ওয়াসিম আকরামের। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৭ রানের অপরাজিত ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন তিনি। দীর্ঘ ২৬ বছরেও আর কোনো ব্যাটসম্যান রেকর্ডটি ভাঙতে পারেননি।  

ভারতের বিপক্ষে এই ৬ ছক্কার ইনিংসে বাংলাদেশের পক্ষে ক্যারিয়ার ছক্কার হিসেবেও তিন ধাপ এগিয়েছেন সাকিব। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিবের ছিল ২০টি ছক্কা। দ্বিতীয় ইনিংসে ছয় ছক্কা মেরে মাহমুদউল্লাহ রিয়াদ (২৪), মোহাম্মদ আশরাফুল (২২) ও মাশরাফি বিন মুর্তজাকে (২২) ছাড়িয়ে গেছেন সাকিব। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ ছক্কার রেকর্ড তামিম ইকবালের। এছাড়া সাকিবের ওপরে রয়েছেন কেবল মোহাম্মদ রফিক (৩৪) ও মুশফিকুর রহিম (৩১)।  

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ১০৭টি করে ছক্কা মেরেছেন বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া একশ ছক্কা রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের।