২৫০ রানের লিডে তাকিয়ে বাংলাদেশ
তৃতীয় দিনের পুরোটা খেলে চতুর্থ দিনেও ব্যাটিং করতে চায় দল, বললেন তাইজুল ইসলাম।
একের পর এক সুযোগ হাতছাড়ার দিনে বাংলাদেশের স্বস্তি ভারতকে অলআউট করা। পরে দ্বিতীয় দিনের শেষ সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত। এবার সামনে তাকানোর পালা। দ্বিতীয় দিনের খেলা শেষে তাইজুল ইসলাম বললেন, লড়াই জমাতে অন্তত ২৫০ রানের মতো লিড পাওয়ার লক্ষ্য তাদের।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেছে তৃতীয় ইনিংসের খেলা। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান। ভারতকে আবার ব্যাটিং করাতে স্বাগতিকদের করতে হবে আরও ৮০ রান। তবে শুধু এই ব্যবধান ঘোচানোই নয়, আরও সামনে এগিয়ে সফরকারীদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে চান তাইজুলরা।
ভারতকে ৩১৪ রানে থামানোয় বড় ভূমিকা রাখেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের মতো মিরপুরেও প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে তিনিই আসেন সংবাদ সম্মেলনে। ধারাবাহিক পারফর্ম করা বোলার জানিয়ে রাখেন ব্যাটসম্যানদের কাছে দলের চাওয়া।
“বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, আমি খারাপ বলব না। অবশ্যই ভালো বলব। আড়াইশ রানের লিড নিতে হলে আমাদের কালকে (শনিবার) সারাদিন ব্যাটিং করতে হবে। এরপর চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হয়, সেটি দেখার বিষয়। আমার কাছে মনে হয় না এটি (২৫০ রানের লিড) খারাপ হবে।”
প্রথম ইনিংসে এক দিনও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিলে ৭৩.৫ ওভারে গুটিয়ে যায় দল।। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে যত বেশি সময় সম্ভব ব্যাটিং করতে চায় স্বাগতিকরা।
“খেলার অবস্থা দেখেই বোঝা যাবে আসলে কী হয়। আমরা যদি শুধু কালকে নয়, চতুর্থ দিনও ব্যাটিং করতে পারি, তাহলে আরও ভালো হবে। এই উইকেট এমন অবস্থায় আছে, আমরা যত ব্যাটিং করব ততই ভালো। এখন ভারতকে যেন যত পরে সম্ভব খেলতে দিতে পারি।”
