২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে যাওয়া ম্যাচে ফিফটির দাম নেই হৃদয়ের কাছে

দলের জয়ে অবদান রাখতে চান দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 07:30 PM

Updated : 18 Jul 2023, 07:30 PM

আফগানিস্তানের সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজে একবারই ফিফটি স্পর্শ করেছেন তাওহিদ হৃদয়। তবে সেই ইনিংসটিই তার কাছে মূল্যহীন। দলের জয়ে যে কাজে লাগেনি সেটি! ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব একটা রোমাঞ্চ কাজ করে না তরুণ ব্যাটসম্যানের মনে। তার ভাবনাজুড়ে কেবলই দলের জয়ে কার্যকর অবদান রাখা। 

হৃদয়ের ওই ফিফটিও এসেছিল অবশ্য দলের দারুণ প্রয়োজনের সময়ে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিপর্যয়ের মধ্যে দলকে এগিয়ে নেন তিনি। ৬৯ বলে ৫১ রান করে সেদিন আউট হন নবম ব্যাটসম্যান হিসেবে। সিরিজের শেষ ম্যাচে ১৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি দলের জন্য সঙ্গে নিয়ে ফেরেন। 

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশে জয়ে দুই ম্যাচেই হৃদয়ের ছিল উল্লেখযোগ্য অবদান। প্রথমটিতে ৩২ বলে অপরাজিত ৪৭ রান করে দারুণ রান তাড়ায় দলকে জিতিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পান। পরেরটিতে জয়ের মুহূর্ত পর্যন্ত থাকতে পারেননি ক্রিজে। তবে তার ১৭ বলে ১৯ রানের ইনিংস ও সাকিব আল হাসানের সঙ্গে জুটি দলের জয়ে ছিল গুরুত্বপূর্ণ।

সিরিজ শেষে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বললেন, ফিফটির চেয়েও তার কাছে বেশি মূল্যবান দলকে জেতানো ইনিংসগুলো। 

“ওয়ানডেতে আমি ফিফটি করলেও, ম্যাচের ফল তো আসেনি। তাই আমার কাছে মনে হয়, এই ফিফটির কোনো দাম নেই। সামনে যদি এমন কোনো সুযোগ আসে, আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব।"

"ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব হলো দলে অবদান রাখা। আমার অবদানে যদি দল জেতে, তাহলে তো শুধু আমার নয়, আমার মনে হয় সব ক্রিকেটারেরই অনেক ভালো লাগে। বিশেষ করে যখন ম্যাচ শেষ করে আসবেন, ম্যান অব দা ম্যাচ হবেন, তখন একটা আলাদা অনুভূতি কাজ করে।" 

ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে হৃদয় এর মধ্যেই নজর কেড়েছেন অনেক কিছু দিয়েই। তবে একটি জায়গায় বলা যায় নিজেকে তিনি চিনিয়েছেন আলাদা করে। এখনও পর্যন্ত তার টেম্পারমেন্ট মনে হচ্ছে দারুণ, চাপের মধ্যেও ধীরস্থির থাকতে পারেন বেশ। হৃদয় বললেন, ব্যাটসম্যান হিসেবে চ্যালেঞ্জটা কঠিন বলেই নিজেকে এভাবে গড়ে নিয়েছেন তিনি। 

“ব্যাটিং এমন একটা ব্যাপার, সেখানে ‘কুল’ থাকাটা অনেক জরুরি। কারণ, প্রতিটি বল নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। বোলাররা ঘুরে দাঁড়ানোর সময় পায়, কিন্তু ব্যাটসম্যানরা একটা ভুল করলে ওখান থেকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ  থাকে না। ব্যাটসম্যান হিসেবে এটা অনুভব করি যে, সবসময় ‘কুল’ থাকব এবং আমার যে জোনটা, যে সময় পরিস্থিতির দাবি যেমন থাকবে, সেটা অনুযায়ী ভূমিকা রাখার চেষ্টা করব।” 

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা তার এত ভালো হয়েছে যে, এখনই তিনি দলের বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরেও তার কাছে দলের প্রত্যাশা থাকবে অনেক। হৃদয় অবশ্যই এখনই এই বড় দুই আসর নিয়ে ভাবছেন না বলেই জানালেন। সময় এলেই তিনি মেলে ধরতে চান নিজেকে। 

"আমি এশিয়া কাপ, বিশ্বকাপ নিয়ে এখনও চিন্তা করিনি। দূরের চিন্তাভাবনা করতে আমার ভালো লাগে না। আজকের দিন… সবসময় বর্তমানে থাকতে ভালো লাগে। যদি এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো এরকম টুর্নামেন্টে সুযোগ পাই, আমি কেন শুধু, প্রতিটি ক্রিকেটারই চাইবে সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখতে। এটাই আমার লক্ষ্য। যদি কখনও সুযোগ আসে আমার, তাহলে সেরাটা দিয়েই চেষ্টা করব।"