মারুফ-রিজওয়ান-আশিকুরের নৈপুণ্যে পাকিস্তানে যুবাদের জয়
প্রথম যুব ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বল হাতে আলো ছড়ালেন মারুফ মৃধা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতে আটকে রাখতে বড় অবদান রাখলেন বাঁহাতি এই পেসার। পরে রান তাড়ায় চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ফিফটিতে অনায়াস জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানের মুলতানে প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের জয় ৭ উইকেটে। ২০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতে।
দারুণ বোলিংয়ে মারুফ জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি এই পেসার ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি উইকেট প্রাপ্তি মোহাম্মদ রাফি উজ্জামানের।
উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন রিজওয়ান ও আশিকুর। দুই ওপেনার গড়েন ১৬০ রানের জুটি। দুইজনের কেউই অবশ্য কাজ শেষ করে ফিরতে পারেননি।
১ ছক্কা ও ১০ চারে ১৪৫ বলে ৭৯ রান করেন রিজওয়ান। আশিকুর ৮ চারে ৭৪ রান করতে খেলেন ১৫২ বল।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ৩ রানেই প্রতিপক্ষের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন মারুফ।
মোহাম্মদ তায়েব আরিফ ও উজাইর মুমতাজের ব্যাটে বিপর্যয় সামাল ওঠে পাকিস্তান। দুজনে গড়েন ৭৩ রানের জুটি। তায়েব ২ চারে করেন ২৮ রান। উজাইর ২ ছক্কা ও ৪টি চারে খেলেন ৫৭ রানের ইনিংস।
এরপর পাকিস্তানের ইনিংস এগোয় আরাফাত মিনহাজকে ঘিরে। ৪টি ছক্কা ও ৭ চারে ৭৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশ পেরুতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
জবাবে স্বাগতিকরা পায় দারুণ সূচনা। একটা সময় তো মনে হচ্ছিল রিজওয়ান ও আশিকুরের ব্যাটে ১০ উইকেটেই জিতে যাবে বাংলাদেশ। ফিফটির পর এই দুইজনকেই ফিরিয়ে দেন আলি রাজা।
পরে জিশান আলমকেও দ্রুত হারায় বাংলাদেশ। এরপর অবশ্য শাহরিয়ার সাকিব ও আহরার আলম বাকিটা সারেন অনায়াসে।
আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৫ ওভারে ২০২ (বাসিত ২, শাহজাইব ১, তায়েব ২৮, সাদ ০, উজাইর ৫৭, ইরফান ১২, আরাফাত ৭১*, ইবতিসাম ১৭, মোমিন ০, জিশান ২, রাজা ৩; বর্ষণ ৯-১-৪৯-০, মারুফ ৯-২-৩৮-৪, রাফি ৯-০-২৮-২, রিজওয়ান ৩-০-১৫-০, পারভেজ ৯-০-৪০-১, ওয়াসি ৫-০-২১-১, জিশান ১-০-৮-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪০.১ ওভারে ১০৫/৩ (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪, জিশান ১১, সাকিব ১৮*, আহরার ৭*; ইবতিসাম ৬-০-৪৯-০, রাজা ৯-০-৪৪-২, জিশান ৯-০-৩২-১, আরাফাত ৭-০-৩৫-০, মোমিন ৭.১-১-২৩-০, উজাইর ২-০-২১-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মারুফ মৃধা
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব দল
