ইমরুলের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটি
প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর টানা তিন ম্যাচ জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দারুণ সেঞ্চুরিতে ভিত গড়ে দিলেন ইমরুল কায়েস। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঝড়ো ফিফটি করলেন মাহমুদউল্লাহ ও মাহিদুল ইসলাম। তাদের নৈপুণ্যে বড় সংগ্রহ পাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব অনায়াস জয়ে বাঁচিয়ে রাখল সুপার সিক্সের সম্ভাবনা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ১০১ রানের বড় ব্যবধানে জিতেছে মোহামেডান। ৩৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ৭ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে সিটি ক্লাব।
প্রথম পাঁচ ম্যাচে জয়ের মুখ না দেখা মোহামেডানের এটি টানা তৃতীয় জয়। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মোহামেডানের বড় জয়ের মূল কারিগর ইমরুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বাদশ সেঞ্চুরিতে ১২১ বলে ১১৪ রান করেন অধিনায়ক। বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংসে ১০ চারের পাশে ছক্কা তিনটি।
৭ চার ও ৪ ছয়ে ৫৯ বলে ৭১ রান করেন মাহমুদউল্লাহ। মাহিদুল খেলেন ২ চার ও ৪ ছয়ে ৫২ বলে ৬৫ রানের ইনিংস। চলতি লিগে দুজনেরই এটি দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের শিকার হওয়া মিরাজ করেন ৬ রান। সাত নম্বরে নেমে ১৬ বলে ২৬ রানের ক্যামিও খেলেন সাকিব। বল হাতে দুজনই নেন ১টি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন ইমরুল। অন্য প্রান্তে হতাশ করেন রনি তালুকদার, সৌম্য সরকাররা। চার নম্বরে নামেন মিরাজ। আসিফ হাসানের বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
তবে ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সুযোগ অনেক। আসিফের বলটি লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাবেই মনে হচ্ছিল খালি চোখে। ক্রিজ ছাড়ার আগে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকেন মিরাজ। পরে ডাগআউটেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন ইমরুল ও মাহমুদউল্লাহ। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পর দলীয় দুইশ হওয়ার আগে আউট হন মাহমুদউল্লাহ। এরপর মাহিদুলকে নিয়ে ৬৬ বলে ৭৯ রান যোগ করেন মোহামেডান অধিনায়ক। ১০৮ বলে পূরণ করেন নিজের সেঞ্চুরি।
৪৩তম ওভারে ফের দেখা মেলে আম্পায়ারিং ভুলের। মাহিদুলকে করা তৌফিক আহমেদের প্রায় বুক উচ্চতার বলে ‘নো’ ডাকেননি স্কয়ার লেগ আম্পায়ার। মূল আম্পায়ার ‘নো’ ডাকার জন্য হাত উঠিয়েও পরে নামিয়ে ফেলেন। হতাশা দেখা যায় নন স্ট্রাইকে থাকা ইমরুলের চোখে-মুখে।
ওই ওভারে মিড উইকেটের দিকে বড় শট খেলতে গিয়ে পেশিতে টান লাগে ইমরুলের। আহত আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। ক্রিজে আসেন সাকিব। মাহিদুলের সঙ্গে স্রেফ ২৬ বলে গড়েন ৪৬ রানের জুটি।
দুজনকেই আউট করেন রায়ান রাফসান রহমান। সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। আসিফ হাসানের শিকার ২ উইকেট।
পরে ব্যাটিংয়ে নেমে রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই খেলতে শুরু করেন তৌফিক খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৫ চার ও ২ ছয়ে স্রেফ ২৬ বলে খেলেন ৩৬ রানের ইনিংস।
জয়রাজ শেখ, মাজ আহমেদ সাদাকাত, শাহরিয়ার কোমলরা হতাশ করলে একশর আগেই ৪ উইকেট হারায় সিটি ক্লাব। রাফসান আল মাহমুদ (২৫) ভালো শুরু করেও ইনিংস এগিয়ে নিতে পারেননি।
ষষ্ঠ উইকেটে আসিফ আহমেদের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন আব্দুল্লাহ আল মামুন। সবশেষ জাতীয় ক্রিকেট লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মামুন খেলেন চারটি করে চার-ছয়ে ৬৫ বলে ৭০ রানের ইনিংস। আসিফ আহমেদ ৫২ রান করতে খেলেন ৯৬ বল।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ৩৪৮/৭ (ইমরুল ১১৪ আহত আউট, রনি ১১, সৌম্য ১৩, মিরাজ ৬, মাহমুদউল্লাহ ৭১, মাহিদুল ৬৫, সাকিব ২৬, আরিফুল ১৪*, লিন্টট ৮*; রবিউল ৯-০-৮৩-০, আসিফ হাসান ৯-১-৩৪-২, রাফসান ৯-০-৪৩-১, রায়ান ১০-০-৬৮-৩, তৌফিক আহমেদ ৭-১-৫৭-০, মাজ ৬-০-৬৩-০)
সিটি ক্লাব: ৫০ ওভারে ২৪৭/৭ (জয়রাজ ১০, তৌফিক খান ৩৬, শাহরিয়ার ২০, মাজ ১৭, রাফসান ২৫, আসিফ আহমেদ ৫২, মামুন ৭০, রায়ান ৫*, আসিফ হাসান ৭*; অপু ৮-০-৪৩-১, সাকিব ১০-১-৩৬-১, মুশফিক ৬-০-৩৯-০, মিরাজ ১০-২-২৯-১, লিন্টট ১০-০-৬৮-৩, মাহমুদউল্লাহ ১-০-১০-০, সৌম্য ৩-০-৮-১, ইমরুল ২-০-১১-০)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমরুল কায়েস
আরাফাত জুনিয়রের অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সের জয়
কিপটে বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ঝড়ো ইনিংস। আরাফাত সানি জুনিয়রের এই অলরাউন্ড পারফরম্যান্সে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন পেল অনায়াস জয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুরকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স। ২২৯ রানের লক্ষ্য ৯০ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে গোপিবাগের ক্লাবটি।
৮ ম্যাচে ব্রাদার্সের তৃতীয় জয় এটি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে শাইনপুকুর।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় শাইনপুকুর। চাপ সামাল দেন অমিত হাসান ও শুভাম শর্মা। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। অধিনায়ক অমিত ৪২ রান করতে খেলেন ৬৭ বল। শুভামের ব্যাটে ৭৪ রান আসে ১০২ বল থেকে।
সাত নম্বরে নেমে সাজ্জাদুল হক ২ চার ও ৩ ছয়ে করেন ৪৩ বলে ৪১ রান। শেষ দিকে মেহেদি হাসান রানার ৩ ছয়ে খেলা ২০ বলে ৩২ রানের ঝড়ে দুইশ পেরোয় শাইনপুকুর।
রান তাড়ায় ইতিবাচক শুরু করেন ব্রাদার্সের দুই ওপেনার তানজিদ হাসান ও আনিসুল ইসলাম। প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ভাঙে এই জুটি। হাসান মুরাদের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি আরও ভেতরে ঢোকার মুখে আনিসুলের পায়ে লাগে।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে বল। তবে আঙ্গুল তুলে দেন আম্পায়ার। হতাশা নিয়ে মাঠ ছাড়েন ৪ চারে ১৫ বলে ১৭ রান করা আনিসুল।
দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন তানজিদ ও সাব্বির হোসেন। দলীয় একশ পূরণের পরপর ৪৫ রান করে ফেরেন তানজিদ। পরের ওভারে সাব্বির আউট হন ৩৮ রানে। ওই ওভারের শেষ বলে মিজানুর রহমানও ফিরে গেলে চাপে পড়ে যায় শাইনপুকুর।
তবে আরাফাত ও সাদ নাসিমের ১০৫ বলে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটিতে অনায়াস জয় পায় শাইনপুকুর। ৫ চার ও ৩ ছয়ে ৪৮ বলে ৫৫ রান করেন আরাফাত। সাদের ব্যাট থেকে আসে ৬০ বলে ৬২ রান। ৭ চার ও ১ ছয়।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২২৮/৯ (মাহফিজুল ০, জিসান ২, অমিত ৪২, শুভাম ৭৪, আইচ ৬, শামসুর ১৪, সাজ্জাদুল ৪১, ফরহাদ ৯, মেহেদি ৩২*, মুরাদ ২; মেহেদি ৮-৩-৪৭-২, সাব্বির ১-০-১২-০, সাকলাইন ১০-০-৩৬-০, রাহাতুল ৯-০-৪৪-১, সাদ ১০-০-৪৭-২, আরাফাত ১০-১-৩৪-২, আনিসুল ২-০-৭-১)
ব্রাদার্স ইউনিয়ন: ৩৫ ওভারে ২২৯/৪ (তানজিদ ৪৫, আনিসুল ১৭, সাব্বির ৩৮, মিজানুর ০, আরাফাত ৫৫*, সাদ ৬২*; নাবিল ৮-০-৫৪-২, জিসান ৫-১-৩৬-০, মুরাদ ৯-১-৪১-২, ফরহাদ ৩-০-২৩-০, শুভাম ৫-০-২৪-০, মেহেদি ৩-০-৩০-০, শামসুর ২-১-১৬-০)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আরাফাত সানি জুনিয়র
মেহেদি মারুফের ফিফটিতে জিতল গাজী গ্রুপ
দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পেই আটকে রাখেন সুমন খান, টিপু সুলতানরা। ছোট লক্ষ্যে দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকি কাজ সারেন মেহেদি মারুফ, ফরহাদ হোসেনরা। সহজ জয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রাখল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপের জয় ৭ উইকেটে। ১৭০ রানের ছোট লক্ষ্য ৭০ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে তারা।
৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে গাজী গ্রুপ। সমান ম্যাচে নবাগত অগ্রণী ব্যাংকের সংগ্রহ ৪ পয়েন্ট।
সাকিব-মিরাজের মতোই টেস্ট শেষ করে পরদিনই খেলতে নামেন সাদমান ইসলাম। তবে ১৮ রানের বেশি করতে পারেননি অগ্রণী ব্যংকের ওপেনার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আরেক ওপেনার আজমির আহমেদ।
এছাড়া শামসুল ইসলাম অনিক (১৮), জাহিদ জাভেদ (১৯), শরিফউল্লাহরা (২৫*) ছোট ছোট ইনিংস খেললে দেড়শ পেরোয় দলের সংগ্রহ।
১০ ওভারে স্রেফ ৩৮ রানে ৩ উইকেট নেন টিপু সুলতান। সুমন খানের শিকার ২টি।
রান তাড়ায় শুরুতেই ফিরে যান হাবিবুর রহমান। দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন মেহেদি ও ফরহাদ। ২ রানের জন্য ফরহাদ ফিফটি করতে পারেননি। ৭৮ বলের ইনিংসে মারেন ৫টি চার।
মেহেদি আউট হন ৬৭ রান করে। ৯৭ বলের ইনিংসটি ৬ চার ও ২ ছয়ে সাজান তিনি।
বাকি কাজ সারেন রবি তেজা ও আকবর আলি।
সংক্ষিপ্ত স্কোর:
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৫.৪ ওভারে ১৬৯ (আজমির ৩৭, সাদমান ১৮, জহুরুল ৬, মার্শাল ৪, আজিম ৪, শামসুল ১৮, জাহিদ ১৯, শরিফউল্লাহ ২৫*, আবু হায়দার ৩২, আরাফাত ৩, এনামুল ০; কাজি অনিক ৯-২-৪০-০, সুমন ৭.৪-১-২৪-২, টিপু ১০-০-৩৮-৩, এনামুল ১০-১-৩৪-১, মাহমুদুল ৮-১-২৬-১, মেহেরব ১-০-৬-০)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৮.২ ওভারে ১৭০/৩ (হাবিবুর ৫, মেহেদি ৬৭, ফরহাদ ৪৮, রবি ৩১*, আকবর ৯*; আরাফাত ৬-০-৩০-০, আজিম ১০-০-৪৫-২, আবু হায়দার ৫-১-১৭-০, জাহিদ ১-০-৯-০, এনামুল ৩-০-৯-০, শরিফউল্লাহ ১০-০-৩৪-০, আজমির ৩.২-০-২৪-১)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদি মারুফ
