কানাডায় সারে জাগুয়ার্সের জয়ে লিটনের মন্থর ইনিংস
গ্লোবাল টি-টোয়েন্টিতে দ্রুত রান তুলতে ভুগেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান, তবে জিতেছে দল।
প্রথম বাউন্ডারির দেখা পেতে অপেক্ষা করতে হলো ২০ বল। একটু পর ছক্কা এলো লিটন কুমার দাসের ব্যাট থেকে। কিন্তু ধীরগতির শুরুর পর শেষ পর্যন্ত আর ডানা মেলতে পারলেন না তিনি। আউট হয়ে গেলেন অল্পতেই। বাংলাদেশের এই কিপার-ব্যাটসম্যান ভালো না করলেও অবশ্য জয়ের দেখা পেল তার দল সারে জাগুয়ার্স।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে একটি করে চার ও ছক্কা মারলেও লিটন ৩০ বল খেলে রান করতে পারেন মোটে ২৫।
মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে সারে জাগুয়ার্স অবশ্য জিতে যায় ৫৫ রানে।
কানাডার ব্রামটনে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা সারেকে উড়ন্ত সূচনা এনে দেন জাতিন্দার সিং ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে শুরু করেন জাতিন্দার, পরের ওভারে তিনবার বল সীমানা ছাড়া করেন হেলস।
৬০ রানের উদ্বোধনী জুটির পর ষষ্ঠ ওভারে বিদায় নেন হেলস। ২১ বল খেলে ইংলিশ ব্যাটসম্যান করেন ৩৯ রান।
লিটন নামেন তিনে। সারের রানের গতিও কমে যায় এরপরই। সপ্তম ওভারে জাতিন্দারের বাউন্ডারির পর টানা চার ওভারে আসেনি কোনো বাউন্ডারি।
দ্বাদশ ওভারে আবার বাউন্ডারি আসে জাতিন্দারের ব্যাট থেকেই। লিটনের রান তখন ২০ বল খেলে ১৩।
বাঁহাতি স্পিনার পারভিন কুমারের বলে ওই ওভারেই প্রথম বাউন্ডারি মারেন লিটন। একটু পরে ছক্কা মারেন তিনি ভারতীয় পেসার জাসকারান সিংকে। কিন্তু এরপরও পারেননি ইনিংসকে গতি দিতে ও এগিয়ে নিতে। পরের ওভারেই আউট হয়ে যান ক্যামেরন ডেলপোর্টের বলে।
এই ম্যাচে ৩০ বলে ২৫ করার আগে টুর্নামেন্টে অন্য দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে লিটনের রান ছিল ২০ বলে ২১ ও ১১ বলে ৯।
লিটনের বিদায়ের পর অধিনায়ক ইফতিখার আহমেদ আউট হন ৮ বলে ৬ রান করে। আর কেউই পারেননি দাঁড়াতে।
ওমানের ওপেনার জাতিন্দার সিংই যা একটু দলকে টানেন। ৪৫ বলে ৫৭ রান করে আউট হন তিনি। সারে ২০ ওভারে তোলে ১৬৪।
মিসিসগার রান তাড়ায় ক্রিস গেইল বিদায় নেন স্রেফ ৩ রান করে। আরেক ওপেনার কানাডার শ্রেয়াস মোভা করেন ৩১ বলে ৩১, তিনে নেমে ডেলপোর্ট ২১ বলে ৩১। চারে নামা পাকিস্তানি ব্যাটসম্যান আজম খান আউট হন ১১ বলে ১৪ রান করে।
মিসিসগার আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১৭ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় দল।
১৮ রানে ৩ উইকেট নিয়ে সারের সফলতম বোলার নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে। অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনের শিকার ২৫ রানে ৩ উইকেট।
