‘পেস বোলিং অলরাউন্ডার আমাদের দরকার, কিন্তু কে?’
উপযুক্ত কাউকে পাওয়া যাচ্ছে না বলেই পেস বোলিং অলরাউন্ডার ছাড়া দল সাজাতে হচ্ছে, বললেন অধিনায়ক তামিম ইকবাল।
একেকটি সিরিজ আসে আর পুরনো হাহাকার জাগিয়ে তোলা হয় নতুন করে, এই দেশে কার্যকর একজন পেস বোলিং অলরাউন্ডার নেই! আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও যথারীতি উঠে এলো সেই প্রশ্ন। উত্তরটাও নতুন কিছু নয়। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বললেন, তারাও খুঁজছেন এরকম একজন অলরাউন্ডার, কিন্তু পাওয়া যাচ্ছে না।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার থাকা তো দূরের কথা, ব্যাটসম্যানদের মধ্যে এমন একজনও নেই, যিনি টুকটাক পেস বোলিং করতে পারেন। এই জায়গাটিতে বাংলাদেশের ভোগান্তি চলছে বছরের পর বছর ধরে।
দেশের মাঠে সিরিজ হলে তবু প্রয়োজনটা কম । তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো জায়গায় সফর থাকলে কিংবা বৈশ্বিক কোনো আসরের আগে এই ঘাটতিটা তীব্রভাবেই অনুভূত হয়। একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে একাদশের কম্বিনেশন সাজানোও অনেক সহজ হয়ে যায়, বাংলাদেশ যা পাচ্ছে না অনেক দিন ধরে।
একসময় মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়ে অনেক আশা ছিল দেশের ক্রিকেটের। কিন্তু পিছু না ছাড়া চোটাঘাত আর ফর্মহীনতা মিলিয়ে এখন তিনি জাতীয় দল থেকে বেশ দূরে। দেশের হয়ে ২৯ ওয়ানডের সবশেষটি তিনি খেলেছেন সেই ২০২১ সালের জুলাইয়ে, ৩৪ টি-টোয়েন্টির সবশেষটি গত অক্টোবরে।
ঠিক অলরাউন্ডার ঘরানায় না পড়লেও একসময় সৌম্য সরকারের মিডিয়াম পেস বোলিং কাজে লাগত মোটামুটি। কিন্তু ব্যাটিং ফর্ম হারিয়ে তিনিও এখন জাতীয় দলের বাইরে।
এখন মৃত্যুঞ্জয় চৌধুরিকে নিয়ে কিছুটা সম্ভাবনা দেখছেন অনেকে। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয় তার। তবে অভিষেকে বল হাতে তিনি ছিলেন খরুচে। বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে দারুণ সম্ভাবনাময় হলেও ঘরোয়া ক্রিকেটে এখনও নিজের অলরাউন্ডার সত্ত্বার পরিচয় যথেষ্ট দিতে পারেননি তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে প্রশ্নে আগের মতোই অসহায়ত্ব ফুটে উঠল তামিমের কণ্ঠে।
“এরকম অনেক কন্ডিশন থাকে, যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে দলের জন্য ভালো। তবে সত্যি কথা বলতে, পেস বোলিং অলরাউন্ডার আমাদের দরকার, কিন্তু কে? এটাও তো একটা প্রশ্ন।”
সাইফ উদ্দিনের চোট সমস্যার কথা বললেন তামিমও। ঘরোয়া ক্রিকেটেও উপযুক্ত কাউকে চোখে পড়েনি অধিনায়কের।
“যারা দলের সঙ্গে নেই, তাদের কথা যদি চিন্তা করি, তাহলে সাইফ উদ্দিন একটা অপশন। কিন্তু সে এই মুহূর্তে ইনজুরিতে আছে। এমনকি আমাদের ঘরোয়া সার্কিটেও এমন কেউ নেই যে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিয়মিত ভালো করছে।”
“এরকম হয়তো আছে যে, একজন ব্যাটসম্যান, সে কিছুটা বোলিং করতে পারে… সাইফ উদ্দিনকেই আমি একমাত্র ধরি যে, দুই দিকে প্রায় কাছাকাছি বলতে পারেন। তাও সে আসলে বোলিং অলরাউন্ডার। যেহেতু সে এখন ফিট নন, তাকে বিবেচনা করাটা কঠিন।”
স্রেফ পেস বোলিং অলরাউন্ডার খেলাতে হবে বলেই যে কোনো একজনকে খেলতে নামিয়ে দেওয়ার পক্ষপাতী নন তামিম।
“এই মুহূর্তে আমাদের যে বিকল্পগুলো আছে, সেগুলো নিয়ে আমরা করছি। অবশ্যই এরকম (পেস বোলিং অলরাউন্ডার) থাকলে ভালো হতো। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, এরকম ২-৩ জন না থাকলে, তাহলে স্রেফ অপ্রয়োজনীয়ভাবে একজনকে পুশ করে নিয়ে আসাটা কতটা যৌক্তিক, আমি জানি না।”
