‘যদি বলি ছিঁড়ে ফেলব, ফাটিয়ে ফেলব, তাহলে ভুল হবে’
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে তেড়েফুঁড়ে বোলিং করে লাভ হবে না, বলছেন তাসকিন আহমেদ।
ব্যাটিং সহায়ক উইকেটে যখন ব্যাট হাতে অপেক্ষায় বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুলরা, ভরসা রাখতে হবে তখন প্রক্রিয়ায়। ধৈর্য ধরে একটু একটু করে এগোতে হবে পরিকল্পনা বাস্তবায়নের পথে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য বোলিং ছক হবে এমনই। ফাস্ট বোলার তাসকিন আহমেদ বললেন, এই উইকেটে ভারতের ব্যাটিং লাইন আপের সামনে তেড়েফুঁড়ে বোলিং করে লাভ কিছুই হবে না।
এমনিতে টেস্ট ক্রিকেটে অনেক সময়ই কোনো ফাস্ট বোলালের বিধ্বংসী একটি স্পেল গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। যুগে যুগে নানা সময়ে এমন নজির আছে অসংখ্য। বাংলাদেশের ক্রিকেটেও একটি নজির আছে, যা খুব পুরনো নয়। বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায় ইবাদত হোসেন চৌধুরির দুর্দান্ত বোলিং।
একসময় বাংলাদেশের ক্রিকেটে পেস বোলাররা ছিলেন প্রবলভাবে অবহেলিত। কিন্তু গত কয়েক বছরে নিবিড় পরিচর্যা আর গুরুত্বের পর বছর দুয়েক ধরে ফল মিলতে শুরু করেছে। বাংলাদেশের পেসাররাও এখন টেস্টে প্রভাব রাখতে শুরু করেছেন। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তাদের ওপর ভরসা রাখবে দল।
তবে প্রত্যাশার ভাবনায় এখানকার উইকেট ও প্রতিপক্ষের শক্তিমত্তার বাস্তবতা মাথায় রাখতে বললেন তাসকিন। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসার শোনালেন তাদের সম্ভাব্য পরিকল্পনা।
“একই পরিকল্পনা… টপ অব অফ! ধৈর্য নিয়ে যদি অফ স্টাম্পের ওপরে বল বল করতে পারি…। ভালো (ব্যাটিং) উইকেটে দেখা যাবে আমরা যদি বেশি উইকেট পেতে জোরাজুরি করতে যাই, (তখন) রান হবে। ওরা ভালো খেলোয়াড়। আমরা যদি জায়গা মতো বল করি, নতুন বলে একটু সুইং করানোর চেষ্টা, পুরান বলে রিভার্স সুইং… ওদের ধৈর্য্যচ্যুতির চেষ্টা করতে হবে।”
“এটায় তো কোনো সন্দেহই নেই যে ওদের রেকর্ড অনেক ভালো। বিশ্বে ওরা অনেক বড় খেলোয়াড়। আমাদেরকে ধৈর্য্য রাখতে হবে। বিশেষ করে বোলিং বিভাগকে। ধারাবাহিক থাকতে হবে, ওদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। যদি বলি ছিঁড়ে ফেলব ভাই, ফাটিয়ে ফেলব, এটা ভুল কথা হবে। ধৈর্য রাখতে হবে।”
ভারতের বিপক্ষে আগে একটিই টেস্ট খেলেছেন তাসকিন। ২০১৭ সালে হায়দরাবাদে সেই টেস্টে খরুচে বোলিংয়ে দুই ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। এবার অবশ্য প্রথম টেস্টে তার খেলা নিশ্চিত নয় এখনও।
