মোহামেডানের জার্সিতে নেমে ৫ রানে ফিরলেন সাকিব
আগের দিন চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
গত মৌসুমে অনেক ঢাকঢোল পিটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও তাদের হয়ে খেলতে পারেননি সাকিব আল হাসান। ১২ বছরেরও বেশি সময় পর অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের একদিনের ম্যাচের সংস্করণে ঐতিহ্যবাহী এই ক্লাবের জার্সিতে দেখা গেল এই অলরাউন্ডারকে। ফেরার ম্যাচটি অবশ্য ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এরপর অপেক্ষা তার বোলিংয়ের।
চট্টগ্রামে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলে রাতে ঢাকায় ফেরেন সাকিব। শনিবার তিনি বিকেএসপিতে খেলতে নামেন তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
চার নম্বরে যখন ব্যাটিংয়ে যান সাকিব, দল তখন মোটামুটি ভালো ভিত পেয়েছে। তবে তিনি খুব একটা সুবিধে করতে পারেননি। শেখ জামালের ভারতীয় অফ স্পিনার পারভেজ রসুলকে ফ্লিক করে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন ৯ বলে ৫ রান করে।
আউট হয়ে হতাশায় ব্যাট দিয়ে মাঠে সজোরে আঘাত করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলান তিনি।
প্রিমিয়ার লিগের ৫০ ওভারের আসরে মোহামেডানের হয়ে সাকিব সবশেষ খেলেছিলেন ২০১০-১১ মৌসুমে। তখনও পর্যন্ত লিস্ট ‘এ’ মর্যাদা পায়নি এই লিগ। সেবার দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২১ সালে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৮টি ম্যাচ খেলেছিলেন তিনি মোহামেডানের হয়ে।
গত মৌসুমে তিনি মোহামেডানে নাম লেখালেও তিনি মাঠে নামার আগেই সুপার লিগের সম্ভাবনা শেষ হয়ে যায় দলের। পরে দুই ক্লাবের সমঝোতায় চারটি ম্যাচ খেলেন লেজেন্ডেস অব রূপগঞ্জের হয়ে। এবারও বাংলাদেশের সিরিজ ও আইপিএলের কারণে তাকে না পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। শেখ জামালের বিপক্ষে এই ম্যাচটিও ছিল মূলত শুক্রবারে। সেক্ষেত্রে তিনি খেলতে পারতেন না। বৃষ্টির কারণে ম্যাচটি একদিন পিছিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মাঠে নামতে পারলেন।
তবে এই এক ম্যাচের পর তাকে মোহামেডানের আর পাওয়ার সম্ভাবনা সামান্যই। মঙ্গলবার শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট। এরপরই তিনি আইপিএলে চলে যাবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে থাকা রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজও এ দিন মোহামেডানের হয়ে খেলতে নামেন। ওপেনিংয়ে ৪৪ বলে ৩২ রান করে রনি আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরির বলে পুল খেলে মিড অনে ক্যাচ দিয়ে। মিরাজ তিনে নেমে ৫ রান করে সাইফ হাসানের নিরীহ এক বলে আলগা শটে ক্যাচ দেন শর্ট কাভারে।
সাকিবের মতো এখন মিরাজের বোলিংয়েও তাকিয়ে থাকবে মোহামেডান। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি তারা।
শেখ জামালের বিপক্ষে এই ম্যাচে ৫০ ওভারে ২৯০ রান তোলে মোহামেডান। ওপেনিংয়ে ১০১ বলে ৮৬ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস, মিডল অর্ডারে মাহমুদউল্লাহ করেন ৫১ বলে ৪৮। শেষ দিকে আরিফুল হকের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৯ ও লিগে প্রথম খেলতে নামা ইংলিশ ক্রিকেটার জেইক লিন্টট অপরাজিত থাকেন ১০ বলে ২৪ রান করে।
