জিসান-সাব্বিরদের ব্যর্থতার দিনে স্পিনারদের সৌজন্যে এইচপির বড় জয়
১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এইচপি দল শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে।
জুনাইদ খানের স্লোয়ারে যখন ফিরতি ক্যাচ দিলেন সাব্বির রহমান, দলের অবস্থা টালমাটাল। ইনিংসের বয়স তখনও ১০ ওভার হয়নি, কিন্তু ব্যাটিং লাইন আপের অর্ধেকই শেষ! সকালে ডারউইন থেকে এসেছে জাতীয় দলের মহাবিপর্যয়ের খবর। দেশে তখন হাই পারফরম্যান্স দলও বিব্রতকর অবস্থায়। শেষ পর্যন্ত অবশ্য ঘুরে দাঁড়িয়ে মোটামুটি স্কোর দাঁড় করানো গেল। এরপর স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ধরা দিল বড় জয়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালেয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানে হারাল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার এইচপি দলের ১৫৮ রানের জবাবে মালেয়েশিয়া গুটিয়ে যায় ৮৯ রানে।
২২ রানে ৪০ রানের ইনিংসের পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এইচপি দলের অধিনায়ক এসএম মেহরব হাসান।
দুটি করে উইকেট শিকার করেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ও বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় জিসান আলমকে। অস্বস্তিময় ব্যাটিংয়ে ৭ বল খেলেও রান করতে পারেননি তিনি।
জাওয়াদ আবরার ও আরিফুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। কিন্তু কেউ পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। ফ্লিক করে সীমানায় ধরা পড়েন আরিফুল (১২ বলে ১৫)। ভালো খেলতে থাকা জাওয়াদ আলতো ফ্লিকে বল তুলে দেন শর্ট মিড উইকেটে।
দ্রুত বিদায় নেন প্রিতম কুমারও (৭ বলে ৪)। এরপর সাব্বির যখন ফিরলেন (১২ বলে ১৪) যখন ফিরলেন স্লোয়ারে বিভ্রান্ত হয়ে, দলের রান তখন ৫ উইকেটে ৭৩।
নড়বড়ে সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে মেহরব ও আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন দুজন।
তিন ছক্কায় ২৬ বলে ৪২ রানে ফেরেন সাকলাইন। দলকে আরও টেনে নিয়ে মেহরব আউট হন শেষের আগের ওভারে। শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরির ছক্কায় ১৬০ রানে কাছে যেতে পারে দল।
রান তাড়ায় মালেয়েশিয়া ধুঁকতে থাকে শুরু থেকেই। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন নাজমুস সাকিব। বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে ৮ বছর আগে মালেয়েশিয়ায় গিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া ব্যাটসম্যান বোল্ড হয়ে যান আবু হায়দারকে স্লগ করার চেষ্টায়।
আরেক ওপেনার আসলাম খানও বোল্ড হন রুবেলের ডেলিভারি বুঝতে না পেরে। তিনে নামা আহমেদ আকিল ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটসম্যান ১৫ ছাড়াতে পারেননি। মালেয়েশিয়া পারেনি জয়ের কোনো সম্ভাবনা জাগাতেই।
মালেয়েশিয়ার এই দলটির কোচ বাংলাদেশের সাবেক কোচ ড্যাভ হোয়াটমোর।
সিরিজের পরের ম্যাচ এই মাঠেই সোমবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৫৮ (আবরার ২৮, জিসান ০, আরিফুল ১৫, সাব্বির ১৪, প্রিতম ৪, মেহরব ৪০, সাকলাইন ৩২, আবু হায়দার ০, রকিবুল ৪, মৃত্যুঞ্জয় ৯*, রুবেল ২; আজিজ ৩-০-৩০-০, আরিফ ৩-০-৩৩-১, ভিজায় ৪-০-২৫-৩, মুনিয়ান্দি ২-০-১৭-২, মাধকুার ৪-০-২৩-১, জুনাইদ ৪-০-২৯-২)।
মালেয়েশিয়া: ১৬ ওভারে ৬৯ (সাকিব ০, আসলাম ০, আকিল ২৯, মুনিয়ান্দি ৩, আজিজ ০, আজিম ১৫, আজাব ১, ভিজায় ১৪, মাধুকার ০, জুনাইদ ৬, আরিফ ০*; আবু হায়দার ২-০-৮-১, রুবেল ৩-০-৬-২, সাকলাইন ৪-০-২৯-১, রকিবুল ২-০-২-২, মেহরব ২-০-৬-১, মৃত্যুঞ্জয় ৩-০-১৭-১)।
ফল: বাংলাদেশ এইচপি ৮৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: এসএম মেহরব।
