লর্ডসের ফাইনালে পন্টিংয়ের অস্ট্রেলিয়া একাদশে লাবুশেন-চমক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেমন হওয়া উচিত অস্ট্রেলিয়ার একাদশ, বললেন রিকি পন্টিং।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ে খেলবেন কে, সবচেয়ে বড় কৌতূহল এখন এটিই। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ধারণা, সুযোগটি পাবেন মার্নাস লাবুশেন, টেস্ট ক্যারিয়ারে যিনি কখনও দলের ইনিংস শুরু করেননি।
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার একাদশের বেশিরভাগ জায়গা মোটামুটি নিশ্চিত। চোট কাটিয়ে মাঠে ফিরে কাউন্টি ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে থাকা ক্যামেরন গ্রিনের ফেরাও বলা যায় নিশ্চিত। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সম্প্রপ্তি বলেছেন, ‘তিন, পাঁচ, ছয়, ওপেনিং, যেকোনো পজিশনে ব্যাট করতে পারে গ্রিন।’
গত শ্রীলঙ্কা সফরে বিশেষ ভাবনা থেকে খাওয়াজার সঙ্গে ওপেন করা ট্রাভিস হেড লর্ডসে ফিরে যাবেন সম্ভবত পাঁচ নম্বরে। এবার খাওয়াজার সঙ্গে কে ইনিংস শুরু করবেন আর বোলিংয়ে জশ হেইজেলউড নাকি স্কট বোল্যান্ডকে নেওয়া হবে, এসব নিয়েই মূলত এখন আলোচনা ও কৌতূহল।
অস্ট্রেলিয়ার একাদশ কেমন হওয়া উচিত, আইসিসি রিভিউয়ে সেটা নিয়ে মত দিলেন আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ পন্টিং।
“আমার মনে হচ্ছে খাওয়াজার সঙ্গে ব্যাটিং শুরু করার জন্য মার্নাস লাবুশেনকে ওপরে পাঠানো হতে পারে। আমি মনে করি, গ্রিন তিন নম্বরে ব্যাট করবে, স্টিভ স্মিথ থাকবে চার নম্বরে। তারপর ট্রাভিস হেড পাঁচ নম্বরে, বাউ ওয়েবস্টার ছয় নম্বরে, (অ্যালেক্স) কেয়ারি সাত নম্বরে, (প্যাট) কামিন্স আটে, (মিচেল) স্টার্ক নয় নম্বরে ও (ন্যাথান) লায়ন দশ নম্বরে।”
“গত কয়েক বছর ধরে সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা করছে, তা হলো হেইজেলউড (বনাম) বোল্যান্ড। একজনকে বাছাই করাটা প্রতিবারই কঠিন, কারণ বোল্যান্ড যতবার খেলে, সে খুব ভালো করে। কিন্তু যদি হেইজেলউড ফিট থাকে, তাহলে আমার মনে হয় হেইজেলউড সরাসরি দলে ফিরে আসবে।”
লাবুশেনকে নিয়েই টিম ম্যানেজমেন্ট বড় দ্বিধায় থাকবে বলে মনে করেন পন্টিং। ৫৭ টেস্টের ক্যারিয়ারে বেশিরভাগ ইনিংসে তিনি ব্যাটিং করেছেন তিন নম্বরে। সবশেষ ২৯ ইনিংসে সেঞ্চুরির স্বাদ পাননি ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে থেকে তার সেঞ্চুরি স্রেফ একটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে তার ব্যাটিং গড় কেবল ২৮.৩৩। কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগনের হয়ে দুটি ম্যাচ খেলে তিনি ভালো করতে পারেননি।
অস্ট্রেলিয়ার সবশেষ তিনটি টেস্ট সিরিজে খাওয়াজার ওপেনিং সঙ্গী হিসেবে দেখা গেছে স্টিভেন স্মিথ, স্যাম কনস্টাস, ন্যাথান ম্যাকসুয়েনি ও হেডকে।
লাবুশেন ছন্দে না থাকলেও, তার ওপরই আস্থা রাখছেন পন্টিং। এর ব্যাখ্যাও দিলেন ১৬৮ টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যান।
“গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা বললে ডেভিড ওয়ার্নারকে নিয়ে কিছু আলোচনা হয়েছিল যে, সে তার জায়গা ধরে রাখবে কি না… লাবুশেন এই চক্রে দলের সঙ্গে আছে, যদিও সে তিন নম্বরে ব্যাট করছে। আমার মনে হয় তারা একই খেলোয়াড়দের নিয়েই এই চক্র শেষ করতে চাইবে, তাই মনে হচ্ছে লাবুশেনকে সুযোগ দেওয়া হবে। এর সঙ্গে আমি একমত হব কি না, সেটা ভিন্ন ব্যাপার... আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব প্রকাশ পাবে।”
ক্রিকেট তীর্থে আগামী ১১ জুন শুরু হবে ফাইনাল।
