২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভুল শুধরে নিতে চান উড

স্কটল্যান্ডের বিপক্ষে করা ভুলের পুনরাবৃত্তি করতে চান না ইংল্যান্ডের গতি তারকা মার্ক উড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 04:20 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

পরিত্যক্ত ম্যাচে ইংল্যান্ডের বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়েছিলেন স্কটল্যান্ডের দুই ওপেনার। ১০ ওভার খেলা হওয়া ম্যাচটিতে ভুল অবশ্য করেছিলেন জর্জ মানজি। সেটিতে মার্ক উডের ‘নো’ বলের জন্য বেঁচে গিয়েছিলেন স্কটিশ ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে উড বলেছেন, ওই ভুল আর করতে চান না তিনি। 

বারবাডোজে শনিবার রাতে হবে সবশেষ দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নের লড়াই। ওমানকে ৩৯ রানে হারিয়ে টুর্নামেন্টের দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। আর স্কটল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে জয়ের চেষ্টা করার সুযোগ পায়নি ইংলিশরা। 

একই মাঠে মঙ্গলবারের ওই ম্যাচে আগে ব্যাট করে ১০ ওভারে ৯০ রান করেছিল স্কটল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১০৯ রান। কিন্তু তারা ব্যাটিংয়ে আর নামতে পারেনি। আবার বৃষ্টি নামায় পরিত্যক্ত হয় খেলা।

ম্যাচের পঞ্চম ওভারে উডের বলে ছক্কার খোঁজে হাওয়ায় ভাসিয়ে থার্ড ম্যানের কাছে ক্যাচ দেন মানজি। অনেকটা দৌড়ে জস বাটলার নিরাপদেই সেটি গ্লাভসবন্দী করেন। আম্পায়ার জানান ‘নো’ ছিল ওই ডেলিভারি, যা কিনা উডের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়।

জীবন পাওয়ার পর একের পর এক বাউন্ডারি মারেন মানজি। মাইকেল জোন্সের সঙ্গে গড়েন ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি। ওই ‘নো’ বল নিয়ে তাই আক্ষেপের শেষ নেই উডের। সব মিলিয়ে সেদিন দুই ওভারে মাত্র ১১ রান দেন তিনি। 

কিন্তু নতুন বলে উইকেট নিতে না পারায় হতাশ এই গতিতারকা। সংবাদমাধ্যমে তিনি বলেন, পরের ম্যাচের আগেই নিজেকে শুধরে নেবেন তিনি।

“সেদিন আমি ১৩টি বল করেছি এবং একটিতে উইকেটও ছিল। কিন্তু সেটিই কিনা ছিল ‘নো’ বল। যদি অন্য কোনো ডেলিভারি ‘নো’ বল হতো, তাহলে আমি হয়তো ভাবতাম যে ঠিক আছে, আমি একটি উইকেট পেয়েছি তাই সমস্যা নেই। কিন্তু উইকেটের বলটিই ‘নো’ বল হয়েছে। এটি দলের ক্ষতি করেছে।”

“নতুন বলে আমি হতাশ করেছি। আমার মনে হয়েছে এতে দলের ক্ষতি হতে পারে। পরবর্তী ম্যাচের আগেই অনুশীলনে আমি এটি নিয়ে কাজ করব। এটি দলীয় প্রচেষ্টা হবে। পরবর্তী ম্যাচে যাই হোক না কেন, অধিনায়ক বা দল যা চায়, আমি প্রস্তুত থাকব।”