২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবাদার ছোবল সামলে রাহুলের লড়াই

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৮ উইকেটে ২০৮ রান তুলেছে ভারত।

রাবাদার ছোবল সামলে রাহুলের লড়াই

এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন লোকেশ রাহুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 10:14 PM

Updated : 26 Dec 2023, 10:14 PM

২৪ রানের মধ্যে ফিরে গেলেন ভারতের প্রথম তিন ব্যাটসম্যান। জীবন পাওয়ার পর লড়াইয়ের আভাস দিয়ে থেমে গেলেন ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে দুইশ রান মনে হচ্ছিল অনেক দূরের পথ। তবে, লোকেশ রাহুলের অসাধারণ ব্যাটিংয়ে সেই রান ছুঁয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছে ভারত। 

সেঞ্চুরিয়নে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২০৮ রান। এক প্রান্ত আগলে রেখে দুই ছক্কা ও ১০ চারে ১০৫ বলে ৭০ রানে ব্যাট করছেন রাহুল। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মোহাম্মদ সিরাজ।

৪৪ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার রাবাদা। টেস্টে চতুর্দশবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই পেসার, ভারতের বিপক্ষে পেলেন প্রথমবার। ৫০ রানে ২ উইকেট পেলেন অভিষিক্ত নান্দ্রে বার্গার।

সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। পঞ্চম ওভারে অধিনায়ক রোহিত শার্মাকে হারায় তারা।

রাবাদা ও ইয়ানসেনের শর্ট বলের চ্যালেঞ্জে উতরে যাওয়া ইয়াশাসভি জয়সাওয়াল যেতে পারেননি বেশি দূর। বার্গারের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভের চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন শুবমান গিল।

ভারতের অবস্থা হতে পারত আরও খারাপ। পরপর দুই ওভারে ব্যক্তিগত ৪ রানে জীবন পান শ্রেয়াস ও কোহলি। বেঁচে গিয়ে প্রথম সেশনের বাকি সময় নিরাপদেই কাটিয়ে দেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান।

Image

টেস্টে ভারতের বিপক্ষে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেলেন কাগিসো রাবাদা।

ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন টেম্বা বাভুমা। এতে ম্যাচের বাকি অংশে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

লাঞ্চের পর রাবাদার ছোবলে এলোমেলো হয়ে যায় ভারত। দ্বিতীয় সেশনের প্রথম ওভারে শ্রেয়াসকে বোল্ড করে ৬৮ রানের জুটি ভাঙেন স্বাগতিক পেসার। এক ওভার পর দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি ভাঙেন কোহলির প্রতিরোধ।

চমৎকার বাউন্ডারিতে রবিচন্দ্রন অশ্বিনকে বিদায় করার পর শার্দুল ঠাকুরকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রাবাদা। ভারত পড়ে যায় অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। তবে প্রতিরোধ গড়েন রাহুল।

তিনি কিছুটা সঙ্গ পেয়েছেন শার্দুলের কাছ থেকে। তার বিদায়ের পর প্রায় একই খেলছেন রাহুল। এই কিপার-ব্যাটসম্যানের সঙ্গে ২৭ রানের জুটিতে জাসপ্রিত বুমরাহর অবদান ১৯ বলে ১।

বুমরাহর বিদায়ের পর সিরাজকে নিয়ে দলকে দুইশ রানের সীমানায় নিয়ে যান রাহুল। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি নামলে আগেভাগেই দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ২০৮/৮ (জয়সাওয়াল ১৭, রোহিত ৫, গিল ২, কোহলি ৩৮, শ্রেয়াস ৩১, রাহুল ৭০*, অশ্বিন ৮, শার্দুল ২৪, বুমরাহ ১, সিরাজ ০*; রাবাদা ১৭-৩-৪৪-৫, ইয়ানসেন ১৫-১-৫২-১, বার্গার ১৫-৪-৫০-২, কুটসিয়া ১২-১-৫৩-০)