Published : 17 Oct 2025, 09:14 PM
আরও একবার ডেভিড সেকারের শরণাপন্ন হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের জন্য তাকে ফাস্ট-বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। গত ১৫ বছরে ইংল্যান্ড দলে একাধিকবার কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান।
ইংল্যান্ডের এখনকার পেস বোলিং কোচ টিম সাউদি প্রথম টেস্টের পর আইএলটি-টোয়েন্টি খেলতে চলে যাবেন। পার্থে ‘লায়ন্স’ এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও প্রথম টেস্টে সেকার ও সাউদি একসঙ্গে কাজ করবেন। এরপর বাকিটা একাই সামলাবেন ৫৯ বছর বয়সী সেকার।
এবারের গ্রীষ্ম মৌসুমে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ছিলেন না পল কলিংউড। অস্ট্রেলিয়া সফরেও ইংল্যান্ডের কোচিং স্টাফে দেখা যাবে না সাবেক এই ইংলিশ অলরাউন্ডার ও অধিনায়ককে। তবে বাকি কোচিং স্টাফ অপরিবর্তিত থাকবে।
ইংল্যান্ডের সঙ্গে সেকারের সম্পর্ক অনেক দিনের। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন তিনি। ২০১০–১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের সবশেষ অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
২০২২ সালে ফের সেকারকে কোচিং স্টাফে ফেরায় ইংল্যান্ড। ওই বছর ইংলিশদের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২৩ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের সময়ও দলটির সঙ্গে ছিলেন তিনি।
সেকারের আনুষ্ঠানিক পদবি হবে ‘স্পেশালিস্ট স্কিলস কনসালট্যান্ট।’ তাকে মূলত ফাস্ট বোলারদের নিয়ে কাজ করতে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে সফল হতে ইংলিশদের সাহায্য করতে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ব ক্রিকেটে দলগুলো এখন নির্দিষ্ট কন্ডিশনে পারফর্ম করার জন্য স্বল্পমেয়াদী বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেওয়ার পথে হাঁটছে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি ও ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে কোচিং স্টাফে যোগ করে ইংল্যান্ড। গত জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংলিশ পেস বোলিং গ্রেট স্টুয়ার্ট ব্রডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় পরে চ্যাম্পিয়ন হওয়া দক্ষিণ আফ্রিকা।