অ্যাশেজ শেষেই ‘ছুটি’, স্টোকসের ভাবনায় নেই বিশ্বকাপ
অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
আর মোটে কয়েকটি দিন। তারপরই ছুটি! অ্যাশেজের উত্তাপ শেষ হলে ক্রিকেটের উত্তেজনা থেকেও দূরে থাকতে চান বেন স্টোকস। যদিও ক্রিকেট দুনিয়া ক্রমেই কাঁপতে থাকবে বিশ্বকাপ জ্বরে। তবে সেই লড়াইয়ে সামিল হতে চান না তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
শারীরিক ও মানসিক ধকল কমাতে গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। তবে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়কদের একজন এবারও শেষ সময়ে বিশ্বকাপে যেতে পারেন, এরকম একটি ধারণা ইংলিশ ক্রিকেটে ছিল। গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ফিফটির পর স্টোকস নিজেও খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন যে, পরিস্থিতির দাবি থাকলে যে কোনো কিছুর সিদ্ধান্ত হতে পারে।
তবে এবার অ্যাশেজের শেষ টেস্ট শুরুর আগের দিন তিনি পরিষ্কার করে দিলেন, ওয়ানডেতে ফেরার কোনো সম্ভাবনা নেই।
“আমি অবসরপ্রাপ্ত (ওয়ানডেতে)… এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনায় শুধু এটাই আছে।”
এবার অ্যাশেজের আগে স্টোকসের অনুরোধেই অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরেন অলরাউন্ডার মইন আলি। স্টোকসকেও যদি এরকম অনুরোধ করা হয়? প্রশ্ন শুনে তিনি মজা করে বললেন, ‘আমি নিশ্চয়ই নিজেকে নিজে ফোন করতে পারি না!’
ছুটি কাটানোর পাশাপাশি আরেকটি ভাবনাও অবশ্য আছে স্টোকসের। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা হাঁটুর চোটের সমাধান করতে অস্ত্রোপচার করানো।
এবারের অ্যাশেজে পুরোদমে অলরাউন্ডারের ভূমিকায় অবদান রাখার জন্য সিরিজ শুরুর আগে অনেক খেটেছিলেন তিনি। কিন্তু হাঁটুর এই চোটের কারণে দ্বিতীয় টেস্টের পর আর বল করতে পারেননি। ওভালে শেষ টেস্টের আগের দিন নেটে তাকে দেখা গেছে আলতো করে অফ স্পিন বোলিং করতে। যেটির মানে, এই টেস্টেও শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন তিনি।
হাঁটুর এই চোট থেকে পুরোপুরি মুক্তির পথ খোঁজার ভাবনাও তার আছে অ্যাশেজ শেষের বিরতিতে।
“এটার একটা সমাধান আমি অবশ্যই করতে চাই। এমনিতে ক্রিকেট চলার সময়ই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ দেখিয়েছি এবং এই ধরনের কাজ করেছি। মোটামুটি সামলানো সম্ভব বলেই আমরা চালিয়ে গেছি।”
“তবে এখন (অ্যাশেজ শেষে) চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই আলোচনার উপযুক্ত একটা সময় যে, হাঁটুর দুর্ভাবনা বাদ দিয়ে বোলিং করতে হলে আমি কী করতে পারি…। এই বিরতির সময়টায় এসব নিয়ে আলোচনা করব।”
এমনিতে স্টোকসের বয়স গত মাসে পূর্ণ হয়েছে মাত্র ৩২। তবে চোটের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে প্রচুর। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শারীরিক ধকলও কম যায়নি। টেস্টে ১১ হাজারের বেশি বল করেছেন তিনি, খেলেছেন ১০ হাজারের বেশি বল। ‘বল বাই বল’ তথ্য সংরক্ষিত থাকা সময়টাতে ১০ হাজার বল করা ও খেলার অভিজ্ঞতা আছে আর কেবল দুজন অলরাউন্ডারের – জ্যাক ক্যালিস ও কার্ল হুপার।
ওয়ানডে ছেড়ে দিলেও টেস্টে স্টোকস অবশ্য এখনই হাল ছাড়ছেন না। আপাতত পাখির চোখ করছেন তিনি ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফরে।
“এই সিরিজটি যেভাবে এগিয়ে এবং আমরা যতটা কাছাকাছি ছিলাম, এতে আমাদের মনে হতেই পারে যে, সামনে যখন অস্ট্রেলিয়ায় যাব, আগের কয়েকবারের চেয়ে আমাদের সুযোগ কি বেশি থাকবে? আশা করি, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় যাওয়া ও সিরিজ জিততে পারা হবে দারুণ।”
