২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লামিচানের সঙ্গে হাত মেলাতে অনীহা স্কটিশদের

এর আগে নামিবিয়ার ক্রিকেটাররাও ম্যাচের পর সন্দিপ লামিচানের সঙ্গে হাত মেলায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 11:24 PM

Updated : 17 Feb 2023, 11:24 PM

আন্তর্জাতিক ক্রিকেটে সন্দিপ লামিচানেকে ফেরানোয় নীরব প্রতিবাদ জানাল স্কটল্যান্ড ক্রিকেট দল। নেপালের সব ক্রিকেটারের সঙ্গে হাত মেলালেও লামিচানের সঙ্গে হাত মেলাতে রাজি হননি স্কটল্যান্ডের কোনো ক্রিকেটার।

কীর্তিপুরে শুক্রবার আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে নেপাল। বল হাতে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে অবদান রেখেছেন লামিচানে। কিন্তু প্রতিপক্ষের সম্মান পাননি তারকা লেগ স্পিনার।

যৌন নির্যাতনের মামলায় কারাবন্দী ছিলেন লামিচানে। জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা হয়েছিল তাকে। তবে জামিন পাওয়ার পর তার ওপর থেকে নিষেধাজ্ঞাও সরিয়ে নেয় নেপালের ক্রিকেট বোর্ড।

তাই নামিবিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলার অনুমতি পান ২২ বছর বয়সী স্পিনার। নামিবিয়ার বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি। সেদিন ৬৬ রানে নেন ৩ উইকেট।

ওই ম্যাচে নামিবিয়ার ক্রিকেটাররা শুরুতে লামিচানের সঙ্গে অন্য ক্রিকেটারদের মতোই স্বাভাবিক আচরণ করেন। কিন্তু ম্যাচ শেষে লেগ স্পিনারের সঙ্গে হাত মেলায়নি তারা। এবার দ্বিতীয় ম্যাচে স্কটিশরা পুরোপুরি এড়িয়েই গেছেন লামিচানেক।

স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লামিচানের অংশগ্রহণ নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়। দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও এটি নিয়ে ছিল চাপা ক্ষোভ। তবে নেপাল দলে লামিচানের সুযোগ পাওয়া নিয়ে তাদের কিছুই করার ছিল না বলেও জানানো হয় বিবৃতিতে। এই বিষয়ে এখন পর্যন্ত আইসিসি কোনো মন্তব্য করেনি।

প্রাথমিকভাবে স্কটল্যান্ডের পরিকল্পনা ছিল, পুরো নেপাল দলকেই হাত মেলানোর সময় এড়িয়ে যাবে তারা। তবে পরে তারা ঠিক করে, শুধুমাত্র লামিচানের বেলায় হাত নিচে রাখা হবে। এটিকেই অধিক শক্তিশালী প্রতিবাদ হিসেবে দেখছে তারা।

লামিচানের দলে ফেরা নিয়ে অবশ্য খোদ নেপালের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে অসন্তোষ। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ক্যাম্পে বিক্ষোভও করেছে তারা।