লাবুশেনকে নিজের ইনিংসের ভিডিও দেখতে বললেন পন্টিং
লর্ডস টেস্টের আগে খারাপ সময় কাটিয়ে উঠতে মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডকে ব্যাটিং পরামর্শ দিতে প্রস্তুত রিকি পন্টিং।
অ্যাশেজের প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের একই ধরনের ডেলিভারিতে দুই ইনিংসেই আউট হন মার্নাস লাবুশেন। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি- দুইয়ে মিলিয়ে হারান ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া উত্তরসূরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিকি পন্টিং।
এজবাস্টনে প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর দ্বিতীয়টিতে ১৩ রানে থামেন লাবুশেন। দুই ইনিংসেই ব্রডের অফ স্টাম্পের কিছুটা বাইরে আউটসুইং ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি।
দল ম্যাচ জিতলেও পরপর দুই ইনিংসে একইভাবে আউট হওয়ায় লাবুশেনের ব্যাটিং টেকনিক নিয়ে উঠছে প্রশ্ন। এসব নিয়ে খোলামেলা কথা বলতে চান না অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক পন্টিং। লাবুশেন চাইলে তাকে আলাদা করে পরামর্শ দিতে প্রস্তুত তিনি।
পন্টিং কথা বলেছেন ট্রাভিস হেডকে নিয়েও। বাঁহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান অবশ্য রানের মধ্যেই আছেন। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি খেলেন ১৬৩ রানের ইনিংস। অ্যাশেজের প্রথম ম্যাচেও প্রথম ইনিংসে করেন ৫০ রান। তবে বাউন্সারে তার অস্বস্তি হতে পারে চিন্তার কারণ।
লর্ডসে বুধবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওই ম্যাচের আগে আইসিসি রিভিউয়ে দুই উত্তরসূরির জন্য কিছু পরামর্শ দিলেন পন্টিং।
“আমি কোচদের কেউ নই। আমি স্রেফ একজন সাবেক ক্রিকেটার, যে বাইরে বসে এই ছেলেদের খেলা বিশ্লেষণ করছি।”
“তবে তার (লাবুশেন) সঙ্গে দেখা করে ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাই আমি। কারণ কয়েক সপ্তাহ ধরে আমার জায়গা থেকে দেখে মনে হচ্ছে, সে সবকিছু একটু বেশি জটিল করে ফেলছে।”
প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে ঘরের মাঠে ৭০-এর বেশি গড়ে রান করেছেন লাবুশেন। চেনা আঙিনায় ৬৮ ইনিংসে ৯ বার পেয়েছেন তিন অঙ্কের স্বাদ। কিন্তু দেশের বাইরে ৩১ বার ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি স্রেফ একটি। রানের গড়ও অনেক কম; ৩৭.১৩!
সব মিলিয়ে ১৭ ইনিংস ধরে শতকের স্বাদ না পাওয়া লাবুশেনকে নিজের সেরা সময়ের ফুটেজ দেখতে বলছেন পন্টিং।
“আমার মতে, তাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, যা গত কয়েক বছর ধরে তাকে বিশ্বের দুই নম্বর (এক নম্বর) টেস্ট ব্যাটসম্যান বানিয়েছে। আবার সেই আত্মবিশ্বাসের জায়গায় ফিরতে হবে। সত্যি বলতে, তাকে আমি এটিই বলব।”
“আমি তাকে বলব, নিজের ব্যাটিংয়ের কিছু ফুটেজ দেখতে। যে ম্যাচগুলোয় সে তার সেরা ক্রিকেট খেলেছে এবং সেগুলো মাথায় রেখে পুনরাবৃত্তির চেষ্টা করার পরামর্শ দেব।”
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে হেডকে থামানোর জন্য বাউন্সারের পরিকল্পনা সাজিয়ে সাফল্য পায় ভারত। প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করে মোহাম্মদ সিরাজের শর্ট বলেই কট বিহাইন্ড হন হেড।
তা দেখেই হয়তো হেডের জন্য বাউন্সারের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ইনিংসেই তাকে টানা শর্ট বল করে গেছেন ব্রড। সাফল্য যদিও পাননি তিনি, তবে হেডের অস্বস্তি বোঝা গেছে অনেকটাই।
লর্ডসেও এর ব্যতিক্রম হবে না মনে করে অনুজকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন পন্টিং।
“প্রথমত, তাকে (হেড) এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে, এটি (বাউন্সার) আসবে। তাকে বিষয়টি ভাবনায় রাখতে হবে এবং এজন্য তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে।”
“তার জন্য এই ধরনের বোলিংয়ের বিপক্ষে লড়াইয়ের সম্ভাব্য সেরা পথ কী? পাল্টা আক্রমণ? শরীর বরাবর আসা বলগুলো পুল ও হুক করলে কি সে সাফল্য পাবে? নাকি সে নিচু হয়ে বল ছেড়ে দেওয়ার পথে হাঁটবে?"
অবশ্য প্রথম ম্যাচে ব্রড ছাড়া আর কোনো বোলার বাউন্সার দিয়ে হেডের তেমন পরীক্ষা নিতে পারেননি। তাই পন্টিং মনে করছেন, দ্বিতীয় ম্যাচে গতিময় পেসার মার্ক উডকে হয়তো একাদশে সুযোগ দেবে স্বাগতিকরা।
