২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবাদের হারিয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 07:10 PM

Updated : 11 Jul 2023, 07:10 PM

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে টানলেন মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রাব্বি। তাদের দুইজনের ফিফটিতে লড়ার মতো পুঁজি পেল দল। কিন্তু বোলাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। চমৎকার উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে জয়ের ভিত গড়ে দিলেন গিলবার্ট প্রিটোরিয়াস ও থিবি গ‍্যাজাইডে। স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। 

খুলনায় তৃতীয় যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৪ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে তারা।

বৃষ্টির বাধায় ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করে ফেলে ৫ বল বাকি থাকতে।

বাংলাদেশকে এই পুঁজি এনে দেওয়ার পথে ৪ ছক্কা ও ২ চারে ৭৭ রান করেন ওপেনার রিজওয়ান। আটে নেমে ৪ ছক্কা ও ৩ চারে ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন মাহফুজুর।

রান তাড়ায় ৩ ছক্কা ও ৫ চারে ৬৬ রান করা প্রিটোরিয়াস জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দক্ষিণ আফ্রিকার আরেক ওপেনার গ্যাজাইডে করেন ১ ছক্কা ও ৭ চারে ৫৩। তাদের দুজনের শুরুর জুটিতে আসে ১২৫ রান।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে আদিল বিন সিদ্দিককে হারায় তারা। নাঈম আহমেদ, আরিফুল ইসলাম, আহরার আমিনও করতে পারেননি কিছু। চার জনের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

৭০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন রিজওয়ান। তাকে দারুণ সঙ্গ দেন শিহাব জেমস। ৫ চারে ২৯ রান করা শিহাবকে ফিরিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন ট্রিস্টান লুস।

জাকারিয়া ইসলাম বিদায় নেন দ্রুত। কয়েক ওভার পর সিফু পোস্টানের বলে স্টাম্পড হয়ে ফিরে যান রিজওয়ানও। ৪০তম ওভার শেষে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমিয়ে দেওয়া হয়।

১৫৮ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ তখন দুইশ ছুঁতে পারা নিয়েই ছিল শঙ্কায়। সেখান থেকে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে টানেন মাহফুজুর। রাফিউজ্জামান রাফিকে নিয়ে গড়েন ৬৭ বলে ৭৬ রানের জুটি। তাদের সৌজন্যেই মূলত আড়াইশ কাছে পৌঁছে যায় দল।

জবাবে প্রিটোরিয়াস ও গ্যাজাইডের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তারা। তাদের উদ্বোধনী জুটির রান একশ স্পর্শ করে ৯৫ বলে।

৫৬ বলে প্রিটোরিয়াস পা রাখেন ফিফটিতে। গ্যাজাইডের পঞ্চাশ আসে ৫০ বলে।

জমে যাওয়া জুটির প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শিহাব। তার বলে ক্যাচ তুলে দেন গ্যাজাইডে। কয়েক ওভার পর বিদায় নেন আরেক ওপেনার প্রিটোরিয়াসও। আরিফুলের বলে স্টাম্প হারান তিনি।

দ্রুত ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে পথে রাখেন ডেভিড টিজার। ৩ চারে ৩০ রান করেন তিনি। পরে দলটিকে জয়ের দুয়ারে নিয়ে যান অধিনায়ক জুয়ান জেমস। ১ চারে ৩৪ রান করে ফেরেন তিনি ৪৭তম ওভারে। 

শেষ ওভারে ৪ রানের প্রয়োজনে মাহফুজুরকে প্রথম বলে চার মেরে দক্ষিণ আফ্রিকাকে জয়ের আনন্দে ভাসান অলিভার হোয়াইটহেড।

রাজশাহীতে আগামী শুক্রবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮ ওভারে ২৪১/৯ (আদিল ৮, রিজওয়ান ৭৭, নাঈম ৬, আরিফুল ৬, আহরার ১, শিহাব ২৯, জাকারিয়া ৬, মাহফুজুর ২৩, ৭৪, রাফি ২৩, বর্ষণ ১*, মারুফ ০*; গ‍্যাঙ্গেট ১০-১-৩৬-০, লুস ৯-০-৬০-৪, জেমস ৮-০-৪৭-১, হোয়াইটহেড ১-০-৫-১, পিল্লাই ৯-০-৪২-১, পোস্টান ১০-০-৩৮-২, টিজার ১-০-৯-০)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২৪২/৬ (প্রিটোরিয়াস ৬৬, গ‍্যাজাইডে ৫৩, টিজার ৩০, সেলেৎসোয়ান ১৮, জেমস ৩৪, পিল্লাই ১৩, হোয়াইটহেড ১১*, হ্যানসেন ০*; বর্ষণ ৮-০-৩৭-০, মারুফ ৩-০-২৫-০, আরিফুল ১০-০-৪৭-২, রাফি ১০-১-৪৪-১, মাহফুজুর ৯.১-০-৪৭-২, শিহাব ৫-০-২৬-১, আহরার ২-০-৯-০)

ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: গিলবার্ট প্রিটোরিয়াস

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা