১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে প্রথমবার রেহান

ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেটের বদলি হিসেবে এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে প্রথমবার রেহান
রেহান আহমেদ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএলে খেলার হাতছানি রেহান আহমেদের সামনে। ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেটের বদলি হিসেবে দেশটির এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দুই কোটি রুপিতে ডাকেটকে দলে নিয়েছিল ক্যাপিটালস। কিন্তু গত অ্যাশেজ সিরিজে বাজে পারফরম্যান্সের পর ফর্ম ফিরে পেতে ও টেস্ট ক্যারিয়ার বাঁচাতে গত মাসে আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি। 

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির নিয়ম অনুযায়ী, শেষ মুহূর্তে এভাবে সরে দাঁড়ানোয় আইপিএল থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একই ধরনের নিষেধাজ্ঞায় আছেন তার সতীর্থ হ্যারি ব্রুক, ২০২৫ আইপিএল শুরুর ঠিক আগে ক্যাপিটালসের সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। 

৭৫ লাখ রুপিতে ক্যাপিটালসে যোগ দেওয়া রেহান গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করেন। কলম্বোর আর প্রেমাদাসার ব্যাটিং দুরূহ উইকেটে নিউ জিল্যান্ডকে হারাতে অবদান রেখেছিলেন তিনি। ২৮ রানে দুই উইকেট নেওয়ার পর, আট নম্বরে নেমে সাত বলে অপরাজিত ১৯ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেছিলেন।

২১ বছর বয়সী এই ক্রিকেটার দা হান্ড্রেড-এ ২৫ ইনিংসে ওভারপ্রতি ৭.৬৮ করে রান দিয়ে ২৩ উইকেট নিয়েছেন। দা হান্ড্রেড ছাড়াও, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।

সব মিলিয়ে এখন পর্যন্ত রেহান ৯৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ওভারপ্রতি ৮.১৩ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ৮৫টি। প্রায় ১২৬ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৭১ রান। ফিফটি আছে দুটি।

এবারের আইপিএলে ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে ক্যাপিটালস। পরের ম্যাচে আগামী শনিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা।