১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

গেইল-পোলার্ড-রাসেলের পর পুরানের ‘৬০০’

ছোট্ট এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের এই চার ক্রিকেটার ছাড়া আর কেউ নেই।

গেইল-পোলার্ড-রাসেলের পর পুরানের ‘৬০০’
শট খেলছেন নিকোলাস পুরান। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

অপেক্ষা ছিল কেবল একটি ছক্কার। সেখানে নিকোলাস পুরান চার বলের মধ্যে মারলেন তিনটি ছক্কা। পরে তিনি বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠালেন আরও তিন দফায়। স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক।

স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন পুরান। তার মতো আগের তিন জনও ওয়েস্ট ইন্ডিজের।

আইপিএলে সোমবার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে মাইলফলকটি স্পর্শ করেন পুরান। 

৫৯৯ ছক্কা নিয়ে ম্যাচটি খেলতে নামেন তিনি। ৩৫৯ ইনিংসে তার ছক্কা এখন ৬০৬টি। 

৪৬৬ ইনিংসে ৭৩৩ ছক্কা নিয়ে তিনে আছেন আন্দ্রে রাসেল, ৬১৭ ইনিংসে ৯০৮ ছক্কা নিয়ে দুইয়ে কাইরন পোলার্ড। আর ৪৫৫ ইনিংসে এক হাজার ৫৬ ছক্কা নিয়ে চূড়ায় ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।

এই চার জনের পর, ৪৯০ ইনিংসে ৫৫২ ছক্কা নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস। 

আইপিএলে ৭৭ ম্যাচে পুরানের ছক্কা ১৩৪টি। এবারের মেগা নিলামের আগে ২১ কোটি রুপিতে তাকে ধরে রাখে লাক্ষ্ণৌ।