জয়াসুরিয়ার স্পিন ধাঁধায় বাবরের ঘুরপাক
টেস্টে জয়াসুরিয়া ও জশ হেইজেলউডের বিপক্ষে সর্বোচ্চ ছয়বার করে আউট হয়েছেন পাকিস্তান অধিনায়ক।
নিশ্চিতভাবেই সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর আজম। সংস্করণ যেটাই হোক না কেন, ২২ গজে বোলারদের জন্য কঠিন প্রতিপক্ষ তিনি। অবশ্য এমন কয়েকজন বোলারও আছে, যাদের সামনে বেশ ভুগতে হয় তাকে। তেমনই একজন প্রবাথ জয়াসুরিয়া। পাকিস্তান অধিনায়ক অকপটেই স্বীকার করে নিলেন, লঙ্কান এই স্পিনারের বিপক্ষে নিজের ঘাটতির কথা।
শ্রীলঙ্কর সফরে দল হিসেবে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। বাবরের নেতৃত্বে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। কিন্তু ব্যাট হাতে সিরিজ জুড়েই চেনা রূপে দেখা যায়নি বাবরকে। তিন ইনিংস ব্যাটিং করে একটিতেও তিনি ছুঁতে পারেননি পঞ্চাশ।
বলা ভালো, তাকে বড় রান করতে দেননি জয়াসুরিয়া। তিন ইনিংসেই লঙ্কান বাঁহাতি স্পিনারের শিকার হন বাবর। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩ রান করে কট বিহাইন্ড হন পাকিস্তান তারকা। দ্বিতীয় ভাগে ২৪ রানে হন এলবিডব্লিউ।
কলম্বোয় দ্বিতীয় টেস্টের একমাত্র ইনিংসেও বাবরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জয়াসুরিয়া। টার্ন করে বেরিয়ে যাওয়া কয়েকটি ডেলিভারির পর আর্ম বলে এই তারকা ব্যাটসম্যানকে ফেরান লঙ্কান স্পিনার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৩৯ রান করা বাবর।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত জয়াসুরিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলেছেন বাবর। সাত ইনিংসে এই স্পিনারের বলেই ৬ বার আউট হয়েছেন তিনি। টেস্টে তাকে ৬ বার ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউডও।
বাবর ব্যর্থ হলেও আবদুল্লাহ শফিকের দ্বিশতক ও আঘা সালমানের শতকে ৫৭৬ রান করে পাকিস্তান। পরে নোমান আলির চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে তারা হারায় ইনিংস ও ২২২ রানে। ম্যাচ শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ওঠে জয়াসুরিয়ার বিপক্ষে বাবরের ভোগান্তির বিষয়টি। পাকিস্তান অধিনায়কও মেনে নেন তা।
“সে যদি পুরো ম্যাচে ৫০ ওভার বোলিং করে, আমি কোনো এক পর্যায়ে (তার বিপক্ষে) ভুল করতে বাধ্য হই।”
“শ্রীলঙ্কার সেরা বোলারদের একজন সে (জয়াসুরিয়া)। আমি সত্যিই তার বলে অনেকবার আউট হয়েছি, এটা নিয়ে কাজও করেছি। গত ইনিংসে আমি কিছু রানও করেছি। তার বলে একমাত্র আমিই আউট হয়েছি (জয়াসুরিয়ার শিকার আবদুল্লাহ শফিকও)। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা তার বিপক্ষে বেশ ভালো খেলেছে এবং দাপট দেখিয়েছে। আমরা একটি দল হিসেবে জিতেছি। আমি যখন ব্যাটিংয়ে ধুঁকছি, অন্যরা এগিয়ে আসছে, অধিনায়ক হিসেবে যেটা আমার কাছে ইতিবাচক দিক।”
