২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 07:35 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান আসরের জন্য থাকছে মোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার। গত দুই আসরে যা ছিল ৫৬ লাখ ডলার করে। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা সোমবার এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে এবারের আসরের প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। গত দুই আসরে যা ছিল ১৬ লাখ ডলার করে। 

প্রথমবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। গত চার আসরে দল ছিল ১৬টি করে। তার আগে প্রথম চার আসরে ছিল ১২টি করে দল।  

এবার রানার্স-আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে।

সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। আর ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে।  

এছাড়া সেমি-ফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে।

২৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৫৫টি। ফাইনাল হবে ২৯ জুন।