২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৯ সালের পুনরাবৃত্তি করতে চান আর্চার

এবারের বিশ্বকাপ ও অ্যাশেজে দারুণ কিছু করে দেখানোর লক্ষ্য ইংল্যান্ডের গতিময় এই পেসারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 07:46 PM

Updated : 26 Jan 2023, 07:46 PM

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরটা দুর্দান্ত কেটেছিল জফ্রা আর্চারের। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে অ্যাশেজ সিরিজেও এই পেসার ছিলেন দুর্দান্ত। ২০১৯ সালের মতো চলতি বছরেও রয়েছে বিশ্বকাপ ও অ্যাশেজ। চার বছর আগের সাফল্যের পুনরাবৃত্তি করতে চান আর্চার।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এর আগে জুন-জুলাইয়ে হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।

২০১৯ সালের মে মাসে দুই দিনের ব্যবধানে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পা রাখেন আর্চার। ওই বছরই ঘরের মাঠের বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে নেন ইংলিশদের হয়ে আসরে সর্বোচ্চ ২০ উইকেট।

নিউ জিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে সুপার ওভারটি করেছিলেন গতিময় এই বোলার। মূল ম্যাচের পর সুপার ওভারের খেলাও ড্র হলে বাউন্ডারিতে এগিয়ে থেকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড।

পরে অগাস্টে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ২-২ ড্র হওয়া ওই সিরিজে ৪ ম্যাচে ২২ উইকেট নেন আর্চার। ইংল্যান্ডের হয়ে যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

একের পর এক দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে ইংল্যান্ড দলের নিয়মিত একজন হয়ে ওঠেন আর্চার। কিন্তু তার সেই স্বপ্নের পথচলায় থাবা দেয় কনুইয়ের চোট। দুইবার করাতে হয় অস্ত্রোপচার। সঙ্গে তার মাঠে ফেরার পথে বাধ সাধে পিঠের নিচের অংশের স্ট্রেস ফ্র্যাকচার। যা তাকে ২০২২ সালের পুরো ঘরোয়া মৌসুম থেকেই ছিটকে দেয়।

চোটের হানায় সবশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি আর্চার।

লম্বা বিরতির পর এরই মধ্যে মাঠে ফিরেছেন আর্চার। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টি দিয়ে ২০২১ সালের জুলাইয়ের পর প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন তিনি। এই টুর্নামেন্টে এমআই কেপ টাউনের হয়ে পাঁচ ম্যাচে ধরেন ৮ শিকার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের দলে আছেন আর্চার। মাঠের লড়াই শুরুর আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। সঙ্গে ২০১৯ সাল ফিরিয়ে আনার আশার কথা শোনান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

“আশা করি, বছরটা ২০১৯ সালের পুনরাবৃত্তি হবে। আবার আমরা একই বছরে ৫০ ওভারের বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে যাচ্ছি…পেছনে ফিরে তাকানোর কোনো কারণ নেই। অনেকটা সময় পেরিয়ে এত দূর এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

“সম্ভবত এখন আমি ৮০ শতাংশ ফিট আছি। এখন কেবল নিজেকে শানিত করতে হবে। আমি জানি, পুরোপুরি ফিট হওয়ার পর আমাকে থামানোর মতো খুব বেশি কিছু নেই। এটা এখন শুধু সময়ের ব্যাপার।”