নাহিদার রেকর্ড গড়া বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের ৫ উইকেটে হারাল বাংলাদেশ।
বাঁহাতি স্পিনের জাঁদুতে পাকিস্তানকে অল্পে আটকে রাখলেন নাহিদা আক্তার। আর ছোট লক্ষ্য তাড়ায় দায়িত্বশীল ইনিংস খেললেন নিগার সুলতানা। অধিনায়ক ও সহ-অধিনায়কের নৈপুণ্যে দারুণ জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ৮৩ রানের লক্ষ্য তিন বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানার দল।
দলের জয়ের মূল কারিগর সহ-অধিনায়ক নাহিদা। স্রেফ ৮ রানে ৫ উইকেট নিয়ে তিনি গড়েন বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। পরে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক নিগার।
ঘরের মাঠে এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। সব মিলিয়ে তৃতীয়। এর আগে কুয়ালালামপুরে ২০১৮ সালের এশিয়া কাপ ও চীনে গত মাসে এশিয়ান গেমসে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। চতুর্থ ওভারে ড্রেসিং রুমে ফেরেন শামিমা সুলতানা। পাওয়ার প্লেতে আসে স্রেফ ২০ রান।
দশম ওভারে আউট হন তিন নম্বরে নেমে ২৫ বলে ১৬ রান করা সোবহানা মোস্তারি। দলের স্কোরবোর্ডে তখন মোটে ৩৩ রান।
তৃতীয় উইকেট জুটিতে কিছুটা দ্রুত রান তোলেন নিগার ও মুর্শিদা খাতুন। দলকে পঞ্চাশ পার করিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার মুর্শিদা। ২ চারে ৪০ বলে ২৩ রান করেন তিনি।
এরপর স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনরা বেশিক্ষণ টিকতে পারেননি। রিতু মনিকে নিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক নিগার। ২৮ বলের ইনিংসে ৩টি চার মারেন তিনি।
ম্যাচের প্রথমভাগে পুরোটা জুড়েই নাহিদা। চতুর্থ ওভারে প্রথম আক্রমণে আসেন তিনি। প্রথম বলেই নিখুঁত আর্মারে সিদরা আমিনকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। পরের ওভারে তার বলে এলবিডব্লিউ হন আরেক ওপেনার মুনিবা আলি।
শেষ দিকে আবার তাকে বোলিংয়ে আনেন নিগার সুলতানা। সপ্তদশ ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন উম্মে হানিকে। আর শেষ ওভারে নাশরা সান্ধুকা ও সাদিয়াকে আউট করেন পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট।
এর আগে গত বছরের জানুয়ারিতে কমনওয়েলথ গেমসের বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এত দিন সেটিই ছিল বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন অভিজ্ঞ ব্যাটার বিসমাহ মারুফ।
একই মাঠে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.৪ ওভারে ৮২ (মুনিবা ১৬, সিদরা ৪, বিসমাহ ২০, নিদা ১৪, আলিয়া ১, ইরাম ০, পারভেজ ১৫, উম্মে হানি ৮, দিয়ানা ৮*, সান্ধু ০, সাদিয়া ০; মারুফা ২-০-৮-০, সুলতানা ৪-০-১৯-১, নাহিদা ৩.৪-১-৮-৫, রাবেয়া ৪-০-১৬-১, ফাহিমা ৩-০-১৫-০, স্বর্ণা ৩-০-১৪-১)
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ৮৬/৫ (শামিমা ৫, মুর্শিদা ২৩, সোবহানা ১৬, নিগার ২৬*, স্বর্ণা ২, সুলতানা ৬, রিতু ৪*; দিয়ানা ৩.৩-০-২২-১, সাদিয়া ৪-০-১৫-০, নিদা ৪-১-১৩-০, সান্ধু ৪-০-১৬-১, উম্মে হানি ৪-০-১৭-১)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার
