সবুজ উইকেটে ৪ পেসার খেলানোর ভাবনাও আছে বাংলাদেশ কোচের
পেস বোলিংয়ে গভীরতা বাড়ায় তাদের সহায়ক উইকেটে ম্যাচ খেলা উচিত বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
বছর চারেক আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চার স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। একাদশে ছিলেন না কোনো একজন বিশেষজ্ঞ পেসারও। পুরো ম্যাচে স্রেফ ৪ ওভার পেস বোলিং করেন সৌম্য সরকার। সেই ম্যাচে শেষ পর্যন্ত জুটেছিল বিব্রতকর হার। এখন বদলে গেছে সময়, বদলে গেছে বাস্তবতাও। পারিপার্শ্বিকতায় পরিবর্তন এখন এতটাই যে, সেই আফগানদের বিপক্ষে টেস্টের আগে চলছে ৪ পেসার খেলানোর আলোচনা!
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু এই দুই দলের টেস্ট ম্যাচ। মিরপুরের উইকেটের চিরায়ত চেহারা ও চরিত্র বদলে এই ম্যাচের জন্য তৈরি করা হয়েছে সবুজ উইকেট। ঘাসের উইকেটের দাবি মিটিয়ে একাদশ সাজানোর বার্তাও দিয়ে রাখলেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
গত কয়েক দিন উইকেটে ছিল তাজা সবুজ ঘাসের বেশ ঘন স্তর। ম্যাচের আগের দিন যদিও অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে ঘাস। যথেষ্ট ঘাস তবু রয়েই গেছে। ম্যাচের দিন সকালে আরও কিছু ঘাস কমানো হলেও শেষ পর্যস্ত সবুজাভ চেহারা রয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
এই উইকেট বেছে নেওয়া হলো এমন সময়ে, যখন দেশে পেস বোলিংয়ের জোয়ার চলছে। বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে ৫ জন পেসার। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে প্রথমবার ডাকা হয়েছে মুশফিক হাসানকে। এছাড়া 'এ' দলের সবশেষ সিরিজে খেলেছেন রেজাউর রহমান রাজা, তানজিম হাসানরা।
এর বাইরে সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্পে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এনামুল হকদের। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে দারুণ খুশি হাথুরুসিংহে।
টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ইঙ্গিত দিয়ে রাখলেন, একাদশেও প্রাধান্য পাবে পেসাররা।
“আমাদের এখন ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যে কোনো সময় দলে নিতে পারি। ফাস্ট বোলিং ইউনিট নিয়ে যারা অতীতে কাজ করেছে, এমনকি এইচপি, বাংলা টাইগার্সেও, তারা দারুণ কাজ করেছে।”
“তারা (ফাস্ট বোলাররা) খুব দ্রুত শিখেছে। জানি না…কালকে যদি আমরা ৩ বা ৪ পেসার নিয়েও খেলি, আমি আত্মবিশ্বাসী যে, তারা প্রস্তুত।”
পেস বোলিংয়ে এখন এত গভীরতা আছে বলেই নিচু ও মন্থর উইকেটে খেলার ভাবনা থেকে বেরিয়ে ঘাসের উইকেটে নামার কৌশল নিতে পারছে বাংলাদেশ। এই পেসারদের প্রেরণা জোগাতে তাদের সহায়ক কন্ডিশনে খেলার সুযোগ করে দেওয়ারও তাগিদ জানালেন হাথুরুসিংহে।
“গত কিছু দিনের বৃষ্টির কারণে উইকেটের ঘাস সবুজ। আমি এর আগেও এখানে সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি। আমাদের দলে ফাস্ট বোলার আছে। তো তাদের শক্তিমত্তা অনুযায়ী কন্ডিশন তাদের সামনে দিতে হবে আমাদের। আমাদের দলে ভালো স্পিনারও আছে।”
অবশ্য দেখতে সবুজ হলেও তীব্র গরম থাকলে ম্যাচের পরের ভাগে উইকেট পেস সহায়ক নাও থাকতে পারে। তখন স্পিনার ও ব্যাটসম্যানরাও সুবিধা পাবে বলে মনে করেন হাথুরুসিংহে।
“ম্যাচটি মূলত শুধু শুরু হবে সবুজ উইকেটে। তবে এখন যেমন গরম, তাতে খুব দ্রুতই এটি বদলে যাবে। এরপর ম্যাচের শেষের দিকে স্পিনারদেরও সাহায্য করবে। আমি মনে করি, এটি খুব ভালো স্পোর্টিং উইকেট। যা ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার- সবার জন্যই ভালো হবে। দারুণ একটি লড়াইয়ের অপেক্ষায় আমি।”
