Published : 12 Oct 2025, 05:29 PM
দিনের খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইয়াশাসভি জয়সওয়াল। পাশ দিয়ে ব্রায়ান লারাকে যেতে দেখে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির দিকে এগিয়ে গেলেন ভারতীয় ওপেনার। অল্প সময়ের সেই কুশল বিনিময়ের মুহূর্তে জয়সওয়ালকে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও না হওয়ার ‘অনুরোধ’ করলেন লারা।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং গ্রেট যদিও মজার ছলেই এমনটা বলেছেন। তবে দিল্লি টেস্টে তার উত্তরসূরিদের বিপক্ষে ব্যাট হাতে যেভাবে ছড়ি ঘুরিয়েছেন জয়সওয়াল, তাতে স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা লারার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে রান আউটে কাটা পড়েন জয়সওয়াল। এর আগেই অবশ্য ২২ গজে যা করার করে ফেলেন তিনি। ২৫৮ বল খেলে ২২ চারে উপহার দেন ১৭৫ রানের চমৎকার ইনিংস।
জয়সওয়ালের সেঞ্চুরির পর অপরাজিত ১২৯ রান করেন শুবমান গিল। ৫ উইকেটে ৫১৮ রান করে প্রথম ইনিংসে ঘোষণা করে ভারত।
শনিবার দিনের খেলা শেষে বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারের আগ মুহূর্তে লারার সঙ্গে দেখা হয় জয়সওয়ালের। তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান লারা। পরে হাসি মুখে বলেন, “আমাদের বোলারদের এত বাজেভাবে মেরো না।”
তখন হাসতে হাসতে জয়সওয়াল বলেন, “না, এমন কিছু নয়। আমি স্রেফ (ভালো খেলার) চেষ্টা করছি।”
টেস্টে এটি ২৩ বছর বয়সী জয়সওয়ালের সপ্তম সেঞ্চুরি। যার মধ্যে পাঁচটিতেই দেড়শ পার করেন তিনি। তার নামের পাশে রয়েছে দুটি দ্বিশতক। এই ইনিংসের সৌজন্যে কীর্তির কয়েকটি পাতায় নামও লেখান বাঁহাতি ব্যাটসম্যান।
ক্রিজে গেলে কেমন মানসিকতা থাকে, সেটি তুলে ধরেন জয়সওয়াল।
“আমি সবসময় দলকে আগে রাখি, দলের জন্য কীভাবে খেলতে পারি এবং ওই মুহূর্তে (ক্রিজে থাকার সময়) দলের জন্য কী গুরুত্বপূর্ণ, সবসময় এটাই ভাবি। আর এটাই আমাকে বলে দেয় যে, কীভাবে খেলা উচিত, কী শট খেলতে পারি, উইকেট কেমন এবং আমি যদি ক্রিজে থাকি, যতটা সম্ভব সময় নেওয়ার বিষয়টি নিশ্চিত করি। ভালো শুরু পেলে এটাই আমার মানসিকতা থাকে, নিশ্চিত করি ইনিংসটাকে বড় করার বিষয়টি।”