২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম ৯৫, হোপ ৯১*

দুজনের ১৮৪ রানের জুটিতে বিশাল সংগ্রহ গড়েছে খুলনা টাইগার্স।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 09:13 PM

Updated : 31 Jan 2023, 09:13 PM

সেঞ্চুরি ছুঁতে লাগে ৫ রান, শেষ ওভারে বোলিংয়ে স্পিনার। তামিম ইকবালের হয়তো চোখ চকচক করে উঠল। চেষ্টা করলেন তিনি ছক্কায় শতরানে পা রাখতে। কিন্তু টাইমিং হলো না। খুলনা টাইগার্সের ওপেনার ধরা পড়লেন কাভার সীমানায়। শেই হোপ শেষ ওভার শুরু করলেন ৯০ রান নিয়ে। কিন্তু ওভারে স্ট্রাইক পেলেন স্রেফ একটি বল। দারুণ খেলেও তাই শেষ পর্যন্ত সেঞ্চুরি হলো না কারও।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি তামিমের। বিপিএলে একাধিক সেঞ্চুরি করা দেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি। দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবশেষ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেই। আরেকটির খুব কাছে গিয়েও তিনি পারলেন না।

হোপের আক্ষেপটা আরেকটু বেশিই হতে পারে। এই সংস্করণে কোনো সেঞ্চুরি নেই তার। বিপিএলে নেতৃত্বের অভিষেকে সেই অপূর্ণতা কাটানোর কাছাকাছি পৌঁছে যান তিনি। আগের সর্বোচ্চ ৮৮ পেরিয়ে যান ১৯তম ওভারে একটি বাউন্ডারিতে। কিন্তু ওভারের শেষ দুই বলে মুস্তাফিজুর রহমানের দারুণ দুটি ইয়র্কারে কোনো রান নিতে পারেননি। শেষ ওভারে মাত্র এক বলই খেলার সুযোগ পান, রান নিতে পারেন একটি।

ব্যক্তিগত এই মাইলফলক না হলেও দুর্দান্ত জুটিতে দলকে বড় স্কোর এনে দেওয়ার তৃপ্তি সঙ্গী দুজনেরই। টুর্নামেন্টের আগের ৮ ম্যাচে একটি ফিফটি ও দুবার ৪০ ছুঁলেও সেরা চেহারায় ছিলেন না তামিম।  ব্যাটে ছন্দের অভাব ছিল স্পষ্ট। এই ম্যাচেও শুরুতে ছিল জড়তা। পরে খোলস ছেড়ে বেরিয়ে দারুণ খেলে ১১ চার ও ৪ ছক্কায় করেন ৬১ বলে ৯৫। হোপের ব্যাট থেকে আসে ৫ চার ও ৭ ছক্কায় ৫৫ বলে ৯১।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্স ২০ ওভারে তোলে ২ উইকেটে ২১০ রান।

তামিম ও হোপের জুটিতে আসে ১০৪ বলে ১৮৪ রান। বিপিএলে দ্বিতীয় উইকেটে এর চেয়ে বড় জুটি আছে কেবল একটিই, ২০১৭ আসরে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের ২০১।

ম্যাচের শুরুটাই হয় একটা চমক দিয়ে। ৮ ম্যাচের স্রেফ দুটিতে জয়ী খুলনা বদলে ফেলে অধিনায়ক। ইয়াসির আলির বদলে দায়িত্বে আনা হয় মাত্র এক সপ্তাহ আগে দলে যোগ দেওয়া হোপকে। বিপিএলে তিন ম্যাচ খেলার অভিজ্ঞতায় অধিনায়ক হয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান জ্বলে ওঠেন দায়িত্বের প্রথম ম্যাচেই।

শুরুতে অবশ্য দুজনের ব্যাটই ছিল বেশ শান্ত। পাওয়ার প্লেতে খুলনা তোলে ১ উইকেটে ৩৭ রান। তামিমের রান তখন ১৯ বলে ২১, হোপের ১৩ বলে ১৪।

অষ্টম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে ছক্কায় হোপ গা ঝাড়া দেন। পরের ওভারে জেগে ওঠেন তামিমও। তরুণ পেসার আশিকুর জামানের বলে টানা দুই বলে মারেন ছক্কা ও চার।

এরপর হোপকে পেয়ে বসে ছক্কার নেশা। খুশদিল শাহর ওভারে মারেন দুটি ছক্কা, মোসাদ্দেকের এক ওভারে একটি, আরেক ওভারে দুটি। এর মধ্যে ৪৫ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান তামিম ইকবাল।

হোপের ফিফটি আসে ২৭ বলে। তানভির ইসলামের বলে ছক্কায় তামিম পঞ্চাশে পা রাখেন ৪৫ বলে। বাঁহাতি এই স্পিনারের ওই ওভারে আরও দুটি ছক্কা ও এক বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে। এরপর বাউন্ডারির স্রোত বয়ে যেতে থাকে। হোপের রান ছাড়িয়ে এগিয়ে যান তিনি শতরানের দিকে।

১৮ ওভার শেষে তামিমের রান ছিল ৯৫। ১৯তম ওভারে তিনি স্ট্রাইকই পাননি। মুস্তাফিজের করা ওই ওভারে হোপ একটি ছক্কা ও চার মারলেও রান নিতে পারেননি তিন বলে।

শেষ ওভারে আক্রমণে আনা হয় মোসাদ্দেককে। তামিম বিদায় নেন প্রথম বলেই। নতুন ব্যাটসম্যান আজম খান ক্রিজে গিয়ে প্রথম দুই বলেই মারেন চার ও ছক্কা। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন তিনি হোপকে। সেঞ্চুরি করতে লাগত তার তখন ২ বলে ১০। কিন্তু ইয়র্ক ধরনের বলে সিঙ্গেলের বেশি নিতে পারেননি তিনি।