হৃদয়ের স্বপ্ন পূরণের আনন্দ
বড় রান তাড়ায় সিলেটের জয়ের নায়ক তরুণ এই ব্যাটসম্যান শোনালেন তার স্বপ্ন পূরণের কথা।
সংবাদ সম্মেলনের শুরুতেই সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার বলে নিলেন, ‘বিপিএলে এটা হৃদয়ের প্রথম সংবাদ সম্মেলন…।” তার প্রথম এই অভিজ্ঞতা যাতে ভালো কিছু হয়, সেই অনুরোধ রাখা হলো আর কী। তবে তেমন কিছু না বললেও চলত। ব্যাট হাতে ২২ গজ যেমন মাতালেন হৃদয়, তেমনি মাইক্রোফোনের সামনেও রইলেন বেশ সাবলিল। ম্যাচের নানা বাঁকের কথা যেমন বললেন, তেমনি শোনালেন স্বপ্নের জগতে বিচরণের গল্পও।
তার স্বপ্ন ছিল মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমদের সঙ্গে এক দলে খেলা। জাতীয় দলে সেই সম্ভাবনা এখন আর নেই। সামনের সময়টায় দারুণ কিছু করে হৃদয় যদি জাতীয় দলে আসতে পারেন, মুশফিক-সাকিব-তামিমদের সঙ্গে খেলতে পারবেন। তবে মাশরাফি তো আর আন্তর্জাতিক ক্রিকেটের সীমানাতেই নেই। ঘরোয়া ক্রিকেটেও যে কোনো সময় থেমে যেতে পারেন। এবারের বিপিএল হৃদয়কে সুযোগটা করে দিল মাশরাফি-মুশফিকদের সতীর্থ হওয়ার।
শুধু এক ড্রেসিং রুমে জায়গা পেয়েই তৃপ্ত হননি হৃদয়। ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ের নায়ক হয়েছে। বিশাল রান তাড়ায় দলকে এগিয়ে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।
আগে বিপিএলে কখনও কোনো ফিফটি করেননি তিনি, ম্যাচ জেতানো কোনো ইনিংস ছিল না। সংবাদ সম্মেলনে আসার সুযোগও তাই হয়নি। এবার ফিফটি ছুঁলেন ৩০ বলে। শনিবার রাতে ফরচুন বরিশালের ১৯৪ রান তাড়ায় সিলেট স্ট্রাইকার্স জিতে গেল এক ওভার বাকি থাকতেই। ৭ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনি ম্যান অব দা ম্যাচ।
পরে সংবাদ সম্মেলনে এসে হৃদয় শোনালেন মাশরাফি-মুশফিকদের কাছ থেকে কতটা প্রেরণা তিনি পেয়েছেন। আস্থার প্রতিদান দিতে পেরে তৃপ্তির কথাও তুলে ধরলেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
“মাশরাফি ভাইয়ের কথা আলাদা করে বলার কিছু নেই। উনি তো আমাদের সবার অধিনায়ক। প্রথম থেকেই উনি আমাকে বলে আসছেন…. এখনও বললেন যে, উনার প্রথম টার্গেটই আমি ছিলাম, আমাকে নেবেন (দলে)…।”
“আমার অনেক সৌভাগ্য যে... স্বপ্ন ছিল মাশরাফি ভাই, মুশফিক ভাইদের সঙ্গে খেলার। সেটা পারছি এবার এবং ভালো একটা গাইডলাইনের ভেতর আছি। সবচেয়ে বড় কথা, স্বাধীনতা পেয়েছি ভালোভাবে এবং চেষ্টা করছি তা কাজে লাগাতে।”
শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনও দেখা গেছে, দিনের ম্যাচের সঙ্গে রাতের ম্যাচের উইকেটে পার্থক্য অনেক। দিনের ম্যাচে যেখানে রান করতে ধুঁকতে হয় প্রচণ্ড, রাতের ম্যাচে সেখানে উইকেট বদলে যায় শিশিরের ছোঁয়ায়। বল স্কিড করে, ব্যাটে আসে দারুণভাবে। উইকেটের আচরণ পুরো বদলে যায়।
তবে উইকেট-কন্ডিশন যেমন হোক বা প্রতিপক্ষ যে-ই থাকুক, ১৯৫ রান তাড়ার কাজটি সহজ নয় কখনোই। হৃদয় জানালেন, লক্ষ্য জানার আগে থেকেই তারা রান তাড়ার বিশ্বাস পেয়েছিলেন মাশরাফি-মুশফিকের কাছ থেকেই।
“প্রথম ইনিংস খেলার মধ্যেই মুশফিক ভাই, মাশরাফি ভাইরা বলছিলেন যে, উইকেট অনেক ভালো আছে, বল ভালোভাবে ব্যাটে আসছে, ২০০ রান হলেও এখানে তাড়া করার মতো। আমরা সেটা সবসময় বিশ্বাস করেছি। প্রথম ইনিংস শেষেও ড্রেসিং রুমে একটা কথাই হয়েছে যে, শুরুটা ভালো করতে পারলে এই রান আমরা তাড়া করতে পারব। মাশরাফি ভাই, মুশফিক ভাই যে পরিকল্পনা দিয়েছেন, বাস্তবায়ন করতে পেরেছি।”
হৃদয়ের তিন নম্বরে নামাও ছিল কিছুটা চমক জাগানিয়া। আগের ম্যাচে সিলেটের হয়ে তিন নম্বরে খেলেছিলেন জাকির হাসান। বেশ ভালোও খেলেছিলেন। কিন্তু এই ম্যাচে প্রথম ওভারে কলিন আকারম্যান রান আউট হওয়ার পর উইকেটে যান হৃদয়।
তিনি জানালেন, দলীয় পরিকল্পনারই অংশ ছিল এটি।
“আমি আগে থেকেই জানতাম যে এখানে নামতে হবে। মাশরাফি ভাই, মুশফিক ভাই আগে থেকেই বলেছিলেন যে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে প্রস্তুত থাকতে হবে। প্রথম ইনিংস শেষেও মুশফিক ভাই বলেছেন, তৈরি যেন থাকি, ডানহাতি ওপেনার আউট হলেই আমাকে যেতে হবে।”
শুধু ব্যাটিং পজিশনের বদলের কারণেই নয়, হৃদয়ের তিন নম্বরে নামার সিদ্ধান্ত বিস্ময়কর ছিল তার ভাবমূর্তির কারণেও। দেশের ক্রিকেটে তিনি অপরিচিত কেউ নন। কিন্তু হৃদয়ের এই রূপের কথা কজন জানতেন!
এমনিতে তার পরিচিতি ধীরস্থির ব্যাটসম্যান হিসেবে, যিনি একটু সময় নিয়ে থিতু হন এবং ইনিংস লম্বা করেন। সেই হৃদয়কেই এ দিন বড় রান তাড়ায় তিনে নামিয়ে দেওয়া হয় দ্রুত রান তোলার দায়িত্ব দিয়ে। তিনি সেই দায়িত্ব পালন করেন অসাধারণভাবে।
উইকেটে যাওয়ার পরপরই তিনি বিশাল এক ছক্কা মারেন মেহেদী হাসান মিরাজকে। এরপর পেস-স্পিন মিলিয়ে খেলতে থাকেন দারুণ সব শট। ৫ ওভারে ৪৮ রান তোলে সিলেট। তাতে হৃদয়ের রান ছিল ১৬ বলে ৩১!
হৃদয় জানালেন, নিজের ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুফল তিনি পেয়েছেন এ দিন।
“হিটিং নিয়ে কাজ করেছি সবশেষ কয়েক মাস। হিটিংয়ের রেঞ্জ বাড়ানোর চেষ্টা করছিলাম। যেভাবে কাজ করছিলাম, ভালোভাবে হচ্ছে।”
“দলের যে পরিকল্পনা ছিল, সেভাবেই আমি চেষ্টা করেছি পাওয়ার প্লে কাজে লাগাতে, যেহেতু সুযোগটা আমাকে দেওয়া হয়েছে ওপরে ব্যাটিং করার। মাশরাফি ভাই, মুশফিক ভাই যে সুযোগটি দিয়েছেন, তা কাজে লাগাতে চেষ্টা করেছি।”
