২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের জন্য সৌম্যকে নিয়ে ‘আলোচনাই হয়নি’

সৌম্য সরকারকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অনেক আলোচনার জন্ম হলেও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়ই ছিলেন না তিনি।

এশিয়া কাপের জন্য সৌম্যকে নিয়ে ‘আলোচনাই হয়নি’

সৌম্য সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 01:53 PM

Updated : 12 Aug 2023, 02:20 PM

কিছুদিন আগেও তেমন কোনো আলোচনায় ছিলেন না সৌম্য সরকার। ছিলেন না জাতীয় দলের আশেপাশেও। গত মাসে হুট করেই তাকে নেওয়া হয় ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে। শোরগোলটা শুরু হয় তখন থেকেই। পরে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যখন রাখা হয় তাকে, আলোচনার স্রোতেও আসে নতুন জোয়ার। তবে বাইরের সেসব আলোচনার প্রভাব আসল জায়গায় পড়েনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, এশিয়া কাপের জন্য সৌম্যকে নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি।

মিরপুরে শনিবার ঘোষণা করা হয় এশিয়া কাপের ১৭ জনের দল। মূল দল তো বটেই, তিন জনের স্ট্যান্ড বাই তালিকায়ও নেই সৌম্য। গত কয়েক দিন ধরে ফিটনেস ক্যাম্পে ঘাম ঝরালেও দলে ফেরার পথ খোলেনি বাঁহাতি এই ব্যাটসম্যানের। ২০ জনের মধ্যে না থাকায় বিশ্বকাপেও তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

সবশেষ ২০২১ সালের মার্চে নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে খেলেছেন সৌম্য। এরপর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। ঘরোয়া ক্রিকেটেও ফেরার দাবি তোলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি ৩০ বছর বয়সী পেস অলরাউন্ডার। 

টি-টোয়েন্টি থেকে বাদ পড়ার আগে সবশেষ ১৬ ইনিংসে একবারও ২৫ ছুঁতে পারেননি তিনি। দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হন ১০ বার। ওয়ানডেতে বাদ পড়ার আগে ছয় ম্যাচে করেন মোট ৪০ রান।

তার সামনে ফেরার দাবি তোলার সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো করার মাধ্যমে। কিন্তু সেটিও হয়নি। প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করলেও পুরো লিগে ১১ ইনিংসে স্রেফ ২৬.৬৩ গড়ে তার সংগ্রহ মোটে ২৯৩ রান। স্ট্রাইক রেট ৮৩.৬৩। যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (৮৭.৫০) চেয়ে কম।  

এমন পারফরম্যান্সের পরও তাকে রাখা হয় ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে। ওই দলে সুযোগ পাওয়া নিয়েও ছিল প্রশ্ন। সেখানে পারফরম্যান্স দিয়েও জবাব দিতে পারেননি সৌম্য। তিন ইনিংসে দুইবার ৪০ পেরোলেও ছুঁতে পারেননি ফিফটি। ৩১.৬৬ গড়ে করেন ৯৫ রান। বল হাতে ওভারপ্রতি ৬.৮৩ রান খরচায় নেন ৬ উইকেট।

এরপর ডাক পান ফিটনেস ক্যাম্পের দলেও। যা জন্ম দেয় অনেক আলোচনার। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের ২০ জনেও ঠাঁই হলো না তার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক খোলাসা করলেন, বিবেচনায়ও ছিলেন না সৌম্য।

“সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এটা আমরা জানি। এজন্য ইমার্জিং কাপে তাকে দেখেছিলাম। কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছিল। এজন্য দেখেছি (ইমার্জিং কাপ দিয়ে) ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপের ব্যাপারে ওকে নিয়ে আমরা কোনো আলোচনাই করিনি।”

এশিয়া কাপে লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ের জন্য আছে মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান। ছয়-সাত-আট নম্বরের জন্য সম্ভাব্য হিসেবে নেওয়া হয়েছে আফিফ হোসেন, শামীম হোসেন ও শেখ মেহেদি হাসানকে।