শের-ই-বাংলায় দ্রাবিড়ের সঙ্গে মুশফিকের দেখা, ব্যাটিং নিয়ে কথা
বাংলাদেশ দলের অনুশীলন দুপুরে হলেও একক অনুশীলনের জন্য সকালেই মাঠে চলে আসেন মুশফিক।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুরে। কিন্তু সকালেই হাজির মুশফিকুর রহিম। লম্বা সময় ঘাম ঝরিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে তার দেখা রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ভারতের প্রধান কোচের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা গেল বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
সবার আগে মাঠে এসে সবার পরে বের হওয়া মুশফিকের জন্য নতুন কিছু নয়। এ দিন নির্ধারিত সূচিতে দলীয় অনুশীলন দুপুর দেড়টায়। কিন্তু মুশফিক সকাল ১০টার মধ্যে চলে আসেন শের-ই বাংলায়। ইনডোরের বাইরের নেটে প্রায় ঘণ্টা দুয়েক ব্যাটিং করেন তিনি।
পরে সেখান থেকে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠে দ্রাবিড়ের সঙ্গে দেখা হয়ে যায় তার। নিজ থেকে এগিয়ে যান, কুশল বিনিময়ের পর চলতে থাকে দুজনের আলোচনা। কথোপকথনের এক পর্যায়ে ভারতীয় কিংবদন্তিকে দেখা যায়, হাত দিয়ে শ্যাডো করার মতো ভঙ্গিতে ব্যাটিংয়ের কিছু একটা দেখাতে। তাদের আলোচনায় যে ব্যাটিং কিছুটা হলেও ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে এতেই।
মুশফিকের মতো দ্রাবিড়ও মাঠে ঢুকেছিলেন ভারতীয় দলের অনুশীলন শেষে। মিরপুরের একাডেমি মাঠে সকাল থেকে শুরু হওয়া ভারতের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না সব বিরাট কোহলি, রিশাভ পান্ত, কুলদিপ যাদবরা। টিম হোটেলে বিশ্রামে ছিলেন তারা।
ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল, সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা, অলরাউন্ডার শার্দুল ঠাকুরসহ ৯ ক্রিকেটারকে নিয়ে চলে ভারতের আজকের অনুশীলন পর্ব। হালকা মেজাজের অনুশীলনে প্রধান কোচ দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং নিয়ে বিশেষ কাজ করতে দেখা যায় রাহুলকে।
সকালে মাঠে এসে বরাবরের মতো শুরুতেই উইকেট পর্যবেক্ষণে যান দ্রাবিড়। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন রাহুলও। সেখানে এক দফা ব্যাটিংয়ের গ্রিপ নিয়ে কিছু কথা বলতে দেখা যায় দুজনকে। পরে দলের সঙ্গে একাডেমিতে চলে যান তারা। পাশাপাশি তিন নেটের দুটিতে রবিচন্দ্রন অশ্বিন, শুবমান গিল ও রাহুল ব্যাটিং শুরু করেন।
তবে রাহুল কোনো বোলারের বল বা থ্রোয়ারদের থ্রো-ডাউন মোকাবিলা করেননি। তাকে লম্বা সময়ে অফ স্টাম্পের আশপাশে খাটো লেংথের মতো বল ছুড়তে থাকেন দ্রাবিড়। সেগুলো পুল না করে উইকেটের সামনে মাটিতে নামিয়ে খেলার অনুশীলন চালিয়ে যান রাহুল। পরে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এসে চর্চা করান কাভার ড্রাইভের।
রাহুলের এমন অনুশীলনের কারণ আন্দাজ করা কঠিন নয়। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন খালেদ আহমেদের খাটো লেংথের ডেলিভারিতে। প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল টেনে এনেছেন স্টাম্পে। দ্বিতীয়বারে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন ফাইন লেগে।
প্রায় এক ঘণ্টা ধরে দ্রাবিড় ও রাঠোরের সঙ্গে ব্যাটিং সেশন করেন ভারত অধিনায়ক। এটি শেষ করে আবার দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং গ্রিপ নিয়ে কথা বলতে দেখা যায় রাহুলকে। রাঠোরের শ্যাডো দেখে ধারণা করা যাচ্ছিল, কভার ড্রাইভ নিয়ে কিছু বলছেন তিনি। দ্রাবিড় বারবার গ্রিপ ঠিক রেখে শট খেলার ব্যাপারে কিছু একটা দেখাচ্ছিলেন।
এরপর পুজারার নেট সেশন শেষ হলে তিনিও বেশ লম্বা সময় কথা বলেন কোচের সঙ্গে। এক ফাঁকে নেটের ভেতরে ঢুকে অশ্বিনের জন্য বোলিংয়ের যুতসই স্পটও ঠিক করে দিয়ে আসেন দ্রাবিড়।
সফরকারীদের অনুশীলন শেষ হওয়ার পর দুপুর ১টার দিকে বাংলাদেশ দল। মাঠে ঢুকে ফুটবল হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর সবাই দলীয় বৃত্ত গড়ে দাঁড়ান, সেখানে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পরে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও কথা বলতে দেখা যায়।
এরপর ফুটবল খেলার পালা। গা গরমের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ফুটবল খেলা নতুন কিছু নয়। তবে এ দিনের অনুশীলনে ছোঁয়া রাগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। অনুশীলন জার্সি খুলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে নেমে যান সাকিব। দেশ সেরা ক্রিকেটারই শুধু নন তিনি, ফুটবলেও তিনি বরাবরই দলের সেরাদের একজন। সেই ছাপ রেখে গা গরমের ফুটবল শুরুর মিনিট দুয়েকের মধ্যে গোল করে ফেলেন বাংলাদেশের অধিনায়ক।
ফুটবল ম্যাচের পুরোটা সময় বেশ চনমনে দেখা যায় সাকিবকে। প্রিয় ফুটবলার লিওনেল মেসির বিশ্ব জয়ের জয়ের উচ্ছ্বাসটা এখনও নিশ্চয়ই রয়ে গেছে তার মধ্যে।
তবে তাকে নিয়ে বাংলাদেশ দলের চিন্তার রয়েই গেছে। ঢাকা টেস্টে তিনি বোলিং করতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। চট্টগ্রাম টেস্ট শেষেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে রেখেছেন, শুধু ব্যাটসম্যান হিসেবে হলেও সাকিবকে দলে চান তিনি। কাঁধের চোট পুরোপুরি না সারলে হয়তো বোলার সাকিবকে পাওয়া যাবে না ঢাকা টেস্টে।
