২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিদ খানের বিপিএল খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন কুমিল্লা কোচ

আফগান লেগ স্পিনারকে খেলানোর সুযোগ রেখেই দল সাজিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

রাশিদ খানের বিপিএল খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন কুমিল্লা কোচ

বিপিএলে দুটি আসরে খেলেছেন রাশিদ খান, দুবারই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 06:32 PM

Updated : 13 Jan 2024, 06:39 PM

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় তালিকায় এবার নাম আছে রাশিদ খানের। তবে তিনি আদৌ বিপিএলে খেলবেন কি না বা তাকে পাওয়া যাকে কি না, কিংবা খেলতে এলেও কয় ম্যাচের জন্য, সেই সংশয় আছেই। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, আফগান তারকাকে খেলানোর সুযোগ রেখেই তারা দল সাজিয়েছেন এবং সেভাবেই চুক্তি হয়েছে এই লেগ স্পিনারের সঙ্গে।

আগে দুই দফায় বিপিএলে খেলেছেন রাশিদ, দুবারই তাকে দেখা গেছে কুমিল্লার জার্সিতে। ২০১৬ বিপিএলে ৮টি ম্যাচ খেলে ১৩ উইকেট নেন তিনি ওভারপ্রতি স্রেফ ৬.০৬ রান দিয়ে। টি-টোয়েন্টির দুনিয়ায় তখনও তার চাহিদা ছিল বটে। তবে এখনকার মতো এতটা ব্যস্ততা তার ছিল না, এত বড় তারকাও ছিলেন না তিনি।

পরের আসরে আবার কুমিল্লার হয়ে খেলেন তিনি। এবার ৭ ম্যাচে উইকেট শিকার করেন কেবল ৬টি। তবে ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৪.৪৬।

এরপর ক্রমে তার ব্যস্ততা বাড়তে থাকে। বিপিএলের সময়টায় বিগ ব্যাশেই বেশি ব্যস্ত থেকেছেন তিনি। বাংলাদেশের লিগে তাই আর দেখা যায়নি তাকে।

এবার বিপিএলে আবার তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। কুমিল্লা তার সঙ্গে চুক্তি করেছে সরাসরি।

তবে তাকে পাওয়া নিয়ে সংশয়ের নানা কারণ আছে। ডিসেম্বর-জানুয়ারিতে তার ব্যস্ত থাকার কথা ছিল বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টিতে। কিন্তু পিঠের চোটের কারণে দুটি আসর থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। খেলতে পারছেন না আফগানিস্তানের চলতি ভারত সফরেও।

সবকিছু মিলিয়ে তাকে ঘিরে অনিশ্চয়তা আছেই। তবে এবারের বিপিএলের জন্য অনুশীলন শুরুর দিনে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুমিল্লা কোচ সালাউদ্দিন বললেন, টুর্নামেন্টের কোনো একটি অংশে রাশিদকে পাওয়ার আশা তাদের এখনও আছে।

“এটা আসলে ডিপেন্ড করে…আমরা যেভাবে দলটা গুছিয়েছি, সেটাতে তার (রাশিদ) খেলার সুযোগ আগে। এটা ভবিষ্যতেই বলা যাবে। তবে আমরা তো তাকে পুরো টুর্নামেন্ট খেলার জন্য নেইনি। আমাদের যখন দরকার, তখন যদি আসতে পারে, আমার মনে হয় তাহলে খেলতে পারে সে।”

গত বছর থেকে বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি কাছাকাছি সময়েই হয় বলে তারকা ক্রিকেটারদের বিপিএলে পুরো সময় পাওয়া এখন অসম্ভরের কাছাকাছিই একরকম। গত বিপিএলে তাই বেশ কজন তারকা ক্রিকেটারের সঙ্গে তাদের ফাঁকা সময়টার জন্যই কেবল চুক্তি করেছিল কুমিল্লা। রাশিদ খানের সঙ্গেও তাদের আলোচনা সেরকমই।

শিরোপা ধরে রাখার লড়াইয়ের জন্য শনিবার মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি-বিদেশি তারকায় এবারও আসরের সবচেয়ে সমৃদ্ধ ও ফেভারিট দল তারাই। তবে পুরো স্কোয়াড পেতে কিছুটা সময় লাগবে বলে জানালেন কোচ সালাউদ্দিন।

“পুরো স্কোয়াড পেতে তো প্রথম ম্যাচ চলে যাবে আসলে। অনেক বিদেশি ক্রিকেটারের সিরিজ আছে (জাতীয় দলের), শেষ করে আসবে। প্রথম ম্যাচের জন্য অনেককে পেতে পেতে ১৮ তারিখ রাত হয়ে যাবে। ১৯ তারিখে হয়তো অনেককে পাব। এজন্য প্রথম ম্যাচটা একটু কঠিন আমাদের জন্য। কারণ একসঙ্গে অনেক টুর্নামেন্ট চলছে। সবাইকে পাওয়া কঠিন।”

“এছাড়াও আমাদের দেশের ক্রিকেটার যারা আছে, যারা জাতীয় দলে খেলেছে, তাদের অনেক ব্যস্ত সূচি ছিল। পরিবারের সঙ্গে থাকার সময় পায়নি। অনেকের হয়তো মা-বাবার অনেক কিছু খেয়াল করতে হয়। সেজন্য দু-একদিন ছুটি চেয়েছে। আমার মনে হয়, পুরো স্কোয়াড হয়তো ১৭ তারিখে পাব। একাদশে যারা থাকবে, তাদের হয়তো পেয়ে যাব। সেভাবেই লক্ষ্য, প্রথম ম্যাচ যেন পুরো দল নিয়ে খেলতে পারি।”