২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের নামে চাপ নয়, অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন তানজিদ

তামিম ইকবালকে আদর্শ মেনে বেড়ে ওঠা তানজিদ হাসান তামিমের কণ্ঠে প্রত্যাশার চাপ জয় করার প্রত্যয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 06:25 PM

Updated : 17 Aug 2023, 06:25 PM

‘তামিম নামটি কি আপনার সার্টিফিকেট নামেরও অংশ?’, প্রশ্নটি শুনে স্মিত হেসে তানজিদ হাসান বললেন, ‘নাহ, এটি আমার ডাক নাম।’ যদিও তিনি পরিচিত পেয়ে গেছেন ‘তামিম’ নামেই। এই নামে দেশের ক্রিকেটের বড় এক তারকা থাকায় এই নামটি ছড়িয়ে পড়েছে আরও সহজে। জাতীয় দলে তানজিদের প্রথম সংবাদ সম্মেলনেও তাই ঘুরেফিরে আসতে থাকে এই নাম আর দুই তামিমের তুলনার প্রসঙ্গ।

নাম ছাড়াও খেলার ধরনেও ‘বড়’ তামিমের সঙ্গে অনেক মিল এই তামিমের৷ দুজনই বাঁহাতি ওপেনার। বড় তামিমের ক্যারিয়ারের শুরুর দিনগুলির মতো তানজিদও ইনিংস সূচনায় দলকে নিয়মিতই এনে দেন উড়ন্ত সূচনা।

তানজিদের প্রথমবার জাতীয় দলে আসার পথ প্রশস্ত হয়েছে তামিম ইকবালের চোটেই। নামের কারণে যেমন, তেমনি নানা বাস্তবতায়ও তরুণ এই ওপেনারের তার ওপর থাকছে তামিমের অভাব পূরণের প্রত্যাশা। তবে এটিকে চাপ হিসেবে না নিয়ে বরং অনুপ্রেরণাই খুঁজে নিচ্ছেন তামিমকে আদর্শ মেনে বেড়ে ওঠা তানজিদ।

এশিয়া কাপের দলে তানজিদ ছাড়া ওপেনার আছেন আর লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ। দলের প্রথম পছন্দ হওয়ার কথা লিটন। তার সঙ্গী কে হবেন, সেটি নিয়েই এখন কৌতূহল ও আলোচনা। সবশেষ সিরিজে নাঈমের ছন্দহীন ব্যাটিংয়ের কারণে তানজিদের অভিষেকের সম্ভাবনা আছে বেশ ভালোভাবেই।

তবে আপাতত সেসব নিয়ে ভেবে নিজের ওপর চাপ নিতে চান না তানজিদ। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার বললেন, জাতীয় দলে সময়টা উপভোগ করছেন তিনি।

“আলহামদুলিল্লাহ... জাতীয় দলে সুযোগ পেয়েছি। এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। প্রেসিডেন্টস কাপসহ সব জায়গায়ই খেলা হয়েছে। আমি অনেক উপভোগ করছি।”

এশিয়া কাপের পর নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তামিমের। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়ত পারেন যে কোনো একজন ওপেনার৷ তামিমের প্রত্যাশা পূরণের চাপ কিংবা জায়গা হারানোর শঙ্কা, কোনোটি নিয়েই বেশি ভাবতে চান না তানজিদ।

“(তামিম ইকবালের জায়গায় খেলার) প্রত্যাশার চাপের কথা বললে... আমরা পেশাদার ক্রিকেট খেলি। এটা চাপেরই খেলা। ম্যাচে অনেক ধরনের পরিস্থিতি থাকে। জিনিসটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব, তত তাড়াতাড়ি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।”

“অবশ্যই (আমার জায়গার) গুরুত্ব আছে। শুধু আমার নয়, প্রত্যেকের জায়গাই সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি, তামিম ভাই সবার জন্য আইডল। উনার খেলা দেখেই আমি ছোট থেকে বড় হয়েছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, জায়গাটা ধরে রাখার।”

বয়সভিত্তিক পর্যায়ে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের আদর্শ হিসেবে তামিমের নাম বেশ কয়েকবারই বলেছেন তানজিদ। জাতীয় দলে প্রথম সংবাদ সম্মেলনেও তিনি শোনালেন তামিমের খেলা দেখে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার গল্প।

“ছোট বেলায় উনার (তামিম) খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি যেহেতু ওনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল। এই জন্য আর কী ছোট থেকে খেলা দেখা হয়েছে বেশি।”

“উনি আমাদের জন্য আইডল, সবার জন্য। উনার খেলার দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। উনি কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন, কোন পরিস্থিতিতে কীভাবে খেলেন… তো অবশ্যই উনি একটা অনুপ্রেরণা আমার জন্য। যখন ওনার সঙ্গে দেখা হয়, তখন তো কথা হয়। সব বিষয়ে অনেক অনুপ্রাণিত করেন।”