রেকর্ড গড়ার সিরিজে ব্রুকের তিন সেঞ্চুরি
পাকিস্তানের বিপক্ষে দেশের বাইরে ইংল্যান্ডের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আববার আহমেদের বলটা কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই উদযাপন শুরু করলেন হ্যারি ব্রুক। দুই হাতে উঁচিয়ে ধরলেন ব্যাট ও হেলমেট। ড্রেসিং রুম থেকে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানালেন সতীর্থরা। ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই যে তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল ডানহাতি এই ব্যাটসম্যানের। তার দারুণ ইনিংসে করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে লিড পেল ইংল্যান্ড।
ব্রুকের শতক, অলি পোপ ও বেন ফোকসের ফিফটিতে তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৪ রান করেছে ইংল্যান্ড। ৫০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান করে। এখনও ২৯ রানে পিছিয়ে তারা।
পাকিস্তান সফরটা স্বপ্নের মতো কাটছে ব্রুকের। টানা তিন টেস্টে সেঞ্চুরি উপহার দিলেন তিনি। প্রথম দুই ম্যাচে ১৫৩ ও ১০৮ রানের পর এবার খেললেন ১১১ রানের ইনিংস। যেখানে ৩ ছক্কার পাশে চার ৮টি।
টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরি করতে ব্রুকের লাগল ৬ ইনিংস, ইংল্যান্ডের হয়ে যা দ্রুততম। হার্বার্ট সাটক্লিফ ও রবি বোপারার লেগেছিল ৮ ইনিংস। সব মিলিয়ে তালিকায় যৌথভাবে দ্বিতীয় ব্রুক। প্রথম ৪ ইনিংসে ৩ সেঞ্চুরি করে সবার ওপরে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন।
পাকিস্তান সফরে এখন পর্যন্ত ৯৩.৬০ গড়ে ৪৬৮ রান করে ফেলেছেন ব্রুক। ঘরের বাইরে দেশটির বিপক্ষে এক সিরিজে কোনো ইংলিশ ব্যাটসম্যানের যা সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে ৪৫০ রান করেছিলেন অ্যালেস্টার কুক।
করাচির স্পিন সহায়ক পিচে ১ উইকেটে ৭ রান নিয়ে খেলতে নেমে রোববার আত্মবিশ্বাসী শুরু করে ইংল্যান্ড। ওভারে জোড়া শিকার ধরে সফরকারীদের চেপে ধরেন নুমান আলি।
বেন ডাকেটকে এলবিডব্লিউ করার পরের বলেই বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন জো রুটকে। স্লিপে ক্যাচ দিয়ে টেস্টে তৃতীয়বারের মতো গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান।
৫৮ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড একশর আগে হারায় ফিফটি করা পোপকেও। ৪টি চারে ৫১ রান করে আবরারের বলে বোল্ড তিনি। লাঞ্চের পরপর রান আউট হয়ে বিদায় নেন বেন স্টোকস।
প্রথম ইনিংসে রান আউট হয়েছিলেন বাবর আজমও। একই ম্যাচে দুই দলের অধিনায়কই রান আউট হওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে এ নিয়ে দেখা গেল পঞ্চমবার।
এরপর ব্রুক ও ফোকস ইংল্যান্ডকে এনে দেন ইনিংসের সবচেয়ে বড় জুটি। দারুণ ব্যাটিংয়ে দুইজনে বাড়াতে থাকেন রান। তাদের জুটি শতরান স্পর্শ করে ১৫৬ বলে।
সিরিজ জুড়ে অসাধারণ ব্যাটিং করা ব্রুক কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ১৩৩ বলে। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাকে এলবিডব্লিউ করে প্রথম টেস্ট উইকেটের স্বাদ নেন অভিষিক্ত মোহাম্মদ ওয়াসিম।
মার্ক উডকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন ফোকস। তাতে পাকিস্তানের ৩০৪ রান পেরিয়ে লিডের মুখ দেখে ইংল্যান্ড। আবরারের বলে ৪ চারে ৩৫ রান করে বিদায় নেন উড। পরের ওভারে ৬ চারে ৬৪ রান করা ফোকসকে ফিরিয়ে দেন নুমান।
শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে ইংলিশদের লিড ৫০ রানে নিয়ে যান অলিভার রবিনসন ও জ্যাক লিচ। রবিনসনকে বোল্ড করে প্রতিপক্ষকে গুটিয়ে দেন আবরার।
পাকিস্তানের হয়ে ৪টি করে উইকেট নেন দুই স্পিনার আবরার ও নুমান।
শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৯ ওভার খেলে পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও শান মাসুদ নিরাপদেই পার করে দেন শেষের কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৩০৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৪ ওভারে ৩৫৪ (আগের দিন ৭/১) (ডাকেট ২৬, পোপ ৫১, রুট ০, ব্রুক ১১১, স্টোকস ২৬, ফোকস ৬৪, রেহান ১, উড ৩৫, রবিনসন ২৯, লিচ ৯*; আবরার ৩৪.৪-৫-১৫০-৪, নুমান ৩০-১-১২৬-৪, ওয়াসিম ১৫-১-৭১-১, ফাহিম ১-০-২-০, সালমান ১-০-৫-০)
পাকিস্তান ২য় ইনিংস: ৯ ওভারে ২১/০ (শফিক ১৪*, মাসুদ ৩*; লিচ ৫-২-৭-০, রুট ২-০-৯-০, রেহান ২-১-২-০)
