ব্যাটিংয়ের অপেক্ষায় ‘বিরক্ত হয়ে’ ওপেনিংয়ে স্মিথ
টেস্ট ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।
টেস্টে ব্যাটিং অর্ডারে এতদিন চার নম্বরে ছিলেন স্টিভেন স্মিথ, তাই অনেক সময়ই তাকে অপেক্ষায় থাকতে হতো। আর এই অপেক্ষাটাই ভালো লাগত না তার। মজার ছলে অস্ট্রেলিয়ার তারকা এই ব্যাটসম্যান বললেন, ‘বিরক্ত হয়ে’ ওপেন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে এই সংস্করণকে বিদায় বলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তার জায়গায় অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করার দায়িত্ব পড়েছে স্মিথের কাঁধে। নিজের ইচ্ছাতেই অবশ্য চ্যালেঞ্জটি নিয়েছেন আগে কখনও এই পজিশনে না খেলা স্মিথ।
এখন বিগ ব্যাশে খেলছেন স্মিথ; সিডনি সিক্সার্সের ওপেনার তিনি। শুক্রবার সিডনি থান্ডারের বিপক্ষে অবশ্য গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানেই ফক্স স্পোর্টসে টেস্টে ওপেন করার ইচ্ছা প্রসঙ্গে ওই কথা বলেন স্মিথ।
“মার্নাস (লাবুশেন) যেহেতু তিন নম্বরে ব্যাটিং করছে, ফলে ব্যাটিংয়ের জন্য আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। ব্যাটিং করার জন্য অপেক্ষা করতে একদমই পছন্দ করি না আমি।”
গত বছরের মাঝামাঝিতে যখন ওয়ার্নার ঘোষণা দেন টেস্ট ক্রিকেট ছাড়ার, তখন থেকেই আলোচনা চলছিল অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার নিয়ে। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ওপেনার মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট, ম্যাট রেনশকে ভাবা হচ্ছিল এই পজিশনের জন্য।
এমনকি মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিনকেও ওপেনিংয়ে তুলে আনার আলোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট চলাকালীন স্মিথও ওপেনিংয়ে ব্যাট করার ইচ্ছার কথা জানান।
শেষ পর্যন্ত স্মিথের আগ্রহকেই প্রাধান্য দেয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে দেখা যাবে ওপেন করতে। এই সংস্করণে প্রায় ১৪ বছর কাটিয়ে ১০৫ ম্যাচ খেলার পর নতুন চ্যালেঞ্জটি নিতে মুখিয়ে আছেন সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন স্মিথ।
“ওপেন করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। নতুন বলে খেলতে পছন্দ করি। ২০১৯ অ্যাশেজে ফিরে তাকালে দেখবেন, বেশিরভাগ সময়ই আমাকে দ্রুত ব্যাটিংয়ে নামতে হয়েছিল, যেখানে নতুন বলের মুখোমুখি হতে হয়েছিল।”
“কয়েক বছর আমি ৩ নম্বরেও ব্যাটিং করেছি। তখনও দ্রুত ক্রিজে যেতে হয়েছে এবং নতুন বলের বিপক্ষে বেশ ভালোই করেছি। তাই এটা আমার জন্য নতুন কিছু কিংবা অজানা কিছু নয়। আমি দ্রুত ব্যাটিংয়ে যেতে পছন্দ করি এবং এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।”
আগামী বুধবার থেকে অ্যাডিলেইডে শুরু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।
