Published : 18 Apr 2026, 10:04 PM
প্রথম আট বলে আভিশেক শার্মার রান ছিল ১৮। পরের সাতটি বলই তিনি পাঠালেন বাউন্ডারিতে; টানা পাঁচটি চারের পর দুটি ছক্কা। ঝড়ো ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান।
হায়দরাবাদে শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫ বলে ফিফটি পূর্ণ করেন আভিশেক। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্রুততম ফিফটি এটিই।
আগের রেকর্ডেও ছিল আভিশেকের নাম। ২০২৪ আসরে ঘরের মাঠেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ বলে ফিফটি করে রেকর্ড গড়েন বাঁহাতি ওপেনার। একই আসরে পরে ১৬ বলে দুটি ফিফটি করে আভিশেকের পাশে বসেন আরেক ওপেনার ট্রাভিস হেড।
আভিশেকের ১৫ বলে ফিফটি আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার চেয়ে কম বলে ফিফটি আছে শুধু চার জনের- রোমারিও শেফার্ড (১৪), প্যাট কামিন্স (১৪), লোকেশ রাহুল (১৪) ও ইয়াশাসভি জয়সওয়াল (১৩)।
চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ওভারে তিন বল খেলে ২ রান নিতে পারেন আভিশেক। দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরিকে ছক্কায় ওড়ান তিনি। পরের ওভারে তিনি আরেকটি ছক্কা হাঁকান অফ স্পিনার ম্যাথু শর্টকে।
চতুর্থ ওভারের শেষ দুই বলে আনশুল কাম্বোজকে দুটি চার মারেন আভিশেক। পরের ওভারে শর্টের প্রথম বলে হেড নেন সিঙ্গল। বাকি পাঁচ বলে টানা তিনটি চারের পর দুটি ছক্কায় ফিফটি ছুঁয়ে ফেলেন আভিশেক।
পঞ্চাশ ছোঁয়ার পর আর বেশিদূর তিনি যেতে পারেননি। অষ্টম ওভারে আউট হয়ে যান ২২ বলে ৫৯ রান করে। চার ছক্কা ও ছয় চারে গড়া তার ইনিংসটি।
আসরে সবশেষ চার ইনিংসে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮ বলে ফিফটি ছুঁয়ে ২৮ বলে ৭৪ রান করেছিলেন তিনি। বাকি দুই ইনিংসে আউট হন শূন্য রানে।