২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকারের ৩৩ বছর পর হাসারাঙ্গা

টানা তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে ওয়াকার ইউনুসের রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 08:47 PM

Updated : 25 Jun 2023, 09:07 PM

ভানিন্দু হাসারাঙ্গার স্পেলের বাকি একটি বল। তার ৫ উইকেট পূর্ণ হতেও দরকার একটি শিকার। আয়ারল্যান্ডের ইনিংসেও বাকি একটিই উইকেট। খাটো লেংথের ডেলিভারি সোজা ব্যাটে খেললেন জশ লিটল। ফিরতি ক্যাচ নিয়েই বল আকাশে ছুড়ে মারলেন হাসারাঙ্গা। তুললেন দুই হাত। দেখালেন জার্সির পেছনে নিজের নাম। শ্রীলঙ্কান স্পিনারের এমন উচ্ছ্বাসের কারণও আছে যথেষ্ট; তার নামের পাশে যে যোগ হলো টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার দারুণ কীর্তি। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেন হাসারাঙ্গা। পরের ম্যাচে ওমানের বিপক্ষে ধরেন ১৩ রানে ৫ শিকার। রোববার আয়ারল্যান্ড ম্যাচেও ৫ উইকেট নিয়ে ওয়াকার ইউনিসের টানা তিন ম্যাচে ৫ উইকেটের রেকর্ড স্পর্শ করলেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার।

ওয়ানডে সংস্করণে অসামান্য এই অর্জন এখন শুধু এই দুজনেরই।

১৯৯০ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন ওয়াকার। প্রায় ৩৩ বছর পর পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলারের সঙ্গী হলেন হাসারাঙ্গা।

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসারাঙ্গা অবশ্য বেশ খরুচে ছিলেন, ৫ উইকেট নিতে দেন ৭৯ রান। ৪৪ ম্যাচের ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে খরুচে বোলিং। তবে দিন শেষে তা ছাপিয়ে গেছে টানা তিন ম্যাচে ৫ উইকেটের কীর্তি।

আইরিশদের ৩২৬ রান তাড়ার ইনিংসে একাদশ ওভারে প্রথম বল হাতে নেন হাসারাঙ্গা। তৃতীয় বলেই ফিরিয়ে দেন অ্যান্ড্রু ব্যালবার্নিকে, গুগলি বুঝতে না পেরে এলবিডব্লিউ হন আয়ারল্যান্ডের অধিনায়ক। 

এরপর নিজের চতুর্থ ওভারের প্রথম বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করেন হাসারাঙ্গা। আর ষষ্ঠ ওভারে গ্যারেথ ডেলানিকে বোল্ড ও মার্ক অ্যাডায়ারকে ক্যাচ আউট করে ৫ উইকেটের সম্ভাবনা জাগান তিনি। 

এরপর ২৪ বলের অপেক্ষা! অবশেষে ম্যাচে নিজের শেষ বলে কাঙ্ক্ষিত উইকেটটি তুলে নিয়ে নিশ্চিত করেন দলের জয় এবং পূর্ণ করেন রেকর্ড। 

এই তিন ম্যাচে পাঁচ উইকেটের আগের দুইটিতে হাসারাঙ্গা ধরেন আরও ৬ শিকার। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে ২২টি উইকেট। টানা পাঁচ ম্যাচে এটিই সর্বোচ্চ উইকেট। এর আগে টানা পাঁচ ম্যাচে ২০টি করে উইকেট পেয়েছিলেন ডেল স্টেইন ও অজন্তা মেন্ডিস।