বৃষ্টিতে ভেসে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি
ডারবানের কিংসমিডে টানা বৃষ্টিতে টসই হতে পারেনি।
শঙ্কা ছিল আগে থেকে। সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো। বৃষ্টির কারণে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
ডারবানের কিংসমিডে বাংলাদেশ সময় রোববার রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তার আগে থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ফলে টসই হতে পারেনি। প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে দুই দলের জন্য সূচিতে আছে কেবল ৬টি করে ম্যাচ। যার একটিতে খেলাই হলো না।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী মঙ্গলবার, গেবেখার (আগের পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্কে।
