২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিভাগেই আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা হাথুরুসিংহের

ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগে আগ্রাসী ক্রিকেটের পরিকল্পনা বাংলাদেশের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 03:06 PM

Updated : 28 Feb 2023, 03:06 PM

ক্রিকেটের তিন সংস্করণেই নিজেদের খেলার ধরনে নজরকাড়া পরিবর্তন এনেছে ইংল্যান্ড। যে কোনো পরিস্থিতিতে আগ্রাসী ক্রিকেট খেলে সাফল্যও পেয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের বিপক্ষে মাঠে নামার আগে ওই একই পথে হাঁটার বার্তা দিলেন চান্দিকা হাথুরুসিংহে। 

প্রধান কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরে হাথুরুসিংহের প্রথম চ্যালেঞ্জ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিই। মাঠে নামার আগে এক সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছেন দলের সঙ্গে। খুব বেশি সময় না হলেও, দলের মধ্যে আগ্রাসী ক্রিকেটের মানসিকতা বয়ে আনার কথাই বলেছেন শ্রীলঙ্কান কোচ।  

বাংলাদেশের অনুশীলনেও দেখা গেছে তেমন কিছুর ছাপ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ম্যাচের আবহে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা।  

ব্যাটসম্যানদের মধ্যে তৌহিদ হৃদয়, আফিফ হোসেনদের দেখা গেছে হাত খুলে খেলতে। মুশফিক-মাহমুদউল্লাহরাও চেষ্টা করেছেন উদ্ভাবনী কিছু শট খেলার। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা ভিন্ন ভিন্ন ফিল্ড সেটআপে সেরেছেন বোলিং প্রস্তুতি। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, নিজেদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনার চেষ্টা করছে কি না বাংলাদেশ।  

উত্তরে হাথুরুসিংহে জানান, নতুন করে কিছু করছে না তার দল।  

“আমার শেষ দফার দায়িত্বে আমরা আগ্রাসী ক্রিকেট খেলেছি। আপনি যদি বলেন, বাংলাদেশ আগ্রাসী ক্রিকেট খেলে না, আমি সেটি বিশ্বাস করি না। আমরা আগ্রাসী ক্রিকেট খেলি।” 

শুধু ব্যাটিংয়ে আগ্রাসন না এনে তিন বিভাগেই দলের মধ্যে এই মানসিকতা আনার কথা বললেন বাংলাদেশের প্রধান কোচ। 

“আপনি শুধু ব্যাটসম্যানদের অ্যাকশন দেখেন। আগ্রাসী ক্রিকেট বলতে আগ্রাসী ফিল্ডিং সাজানোও বোঝায়। তো আগ্রাসী ক্রিকেট খেলার অনেক উপায় আছে। শুধু বল মাঠের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়। মাঠে আমরা ওই ধরণ আনার চেষ্টা করছি। হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং; আমরা এভাবেই পারফর্ম করতে যাচ্ছি।”  

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বেলা ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।