২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের টপ-অর্ডারে ‘দুর্ভাবনার মেঘ কাটছে’

টপ-অর্ডার নিয়ে যে চিন্তার জায়গা ছিল, তা দূর হওয়ার আশা দেখছেন লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 07:08 PM

Updated : 17 Jun 2023, 07:08 PM

আফগানিস্তানকে দুই ইনিংসেই দেড়শর মধ্যে গুঁড়িয়ে রেকর্ড গড়া জয়ের বড় কারিগর পেসাররা। তবে তাদের মন খুলে বোলিংয়ের মঞ্চটা সাজিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান; দুইটি সেঞ্চুরি ছোঁয়া ইনিংসের সঙ্গে করেছেন তারা দুইটি ফিফটিও। ম্যাচ শেষে তাদের নিয়ে আশার কথা শোনান এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে ইনিংস সূচনার দায়িত্ব সামলান জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত। তিন জনই পান রানের দেখা। জোড়া সেঞ্চুরিতে ভাস্বর শান্ত, ফিফটি করেন দুই ওপেনার।

কিছুদিন আগেও দুর্ভাবনার জায়গা ছিল এই টপ-অর্ডার। অভিজ্ঞ ওপেনারের অবর্তমানে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাই দুর্ভাবনা বেড়ে যায় আরও। প্রায় এক বছর পর ফেরা জয়ের সামনে ছিল নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। দারুণ অভিষেকের পর চোটে ছিটকে পড়া জাকিরকে ফিরতে হতো ছন্দে। দুজনই নিজের দায়িত্ব সামলান বেশ ভালোভাবে।

প্রথম ইনিংসে অবশ্য শুরুতেই নিজাত মাসুদের ভালো ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে যান জাকির। তবে দ্বিতীয় ইনিংসে রান আউট হয়ে ফেরার আগে তিনি খেলেন ৭১ রানের দারুণ ইনিংস। শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৭৩ রানের জুটি।

জয় প্রথম ইনিংসে করেন ৭৬ রান। শান্তর সঙ্গে তার জুটিতে ২১২ রান পায় বাংলাদেশ। আর দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রান করে ম্যাচের নায়ক শান্ত।

তিনিও অবশ্য এই ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে ছিলেন না। ২০২১ সালের মার্চে পাল্লেকেলে টেস্টে ১১৭ রানের পর থেকে মাঝের ২৫ ইনিংসে সেঞ্চুরি পাননি বাঁহাতি টপ-অর্ডার।

সব মিলিয়ে টপ-অর্ডার নিয়ে যে চিন্তার জায়গা ছিল, তা দূর হওয়ার প্রচ্ছন্ন বার্তাই যেন মিলেছে মিরপুর টেস্টে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের কণ্ঠেও টপ-অর্ডার নিয়ে তৃপ্তির ছাপ।

"আপনি যদি বড় দল হতে চান, পাঁচ দিন খেলতে চান... আমাদের বোলিং এখন খুবই শক্তিশালী। হ্যাঁ! আমাদের ব্যাটিং আগে নড়বড়ে ছিল। টেস্ট ক্রিকেটে যদি টপ অর্ডার পারফর্ম না করে তাহলে খুব কঠিন হয় ফিরে আসা। এদিক দিয়ে আমি খুশি যে, (টপ-অর্ডার) ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরেছে।"

"জাকির মনে হয়, তৃতীয় টেস্ট খেলেছে। কিন্তু আমার কখনও মনে হয়নি যে, ও নতুন। ওর ভেতরে অনেক পরিপক্বতা রয়েছে। জয়ের ক্ষেত্রেও একই। জয় যখন নিউ জিল্যান্ডে গেল, ও নিজের ক্যারেক্টার শো করেছে।"

জাকির-জয়দের মতো তরুণ ব্যাটসম্যানদের প্রতি দলের চাওয়াটাও পরিষ্কার করে দিলেন লিটন।

"আমরা চাই, তরুণরা নিজেদের ক্যারেক্টার শো করবে। তাদের লক্ষ্য-প্রতিজ্ঞা অনেক উঁচুতে থাকবে, যে কোনো মুহূর্তে দেশ ও দলকে অনেক কিছু দিতে পারব (এই বিশ্বাস যেন থাকে)। আরও ভালো করার উপায় আছে। তবে যা করেছে, এটা হলেও ভালো। জাকির রান আউট না হলে হয়তো আরও বড় ইনিংস খেলতে পারত। ছোট ভুলের কারণে হয়তো ওর এই অর্জনটা হয়নি। তবে যেভাবে খেলেছে, আমি অনেক খুশি।"

৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হয় জাকিরের। প্রথম টেস্টেই দ্বিতীয় ইনিংসে করেন দারুণ এক সেঞ্চুরি। পরের ম্যাচে খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এরপর চোটে ছিটকে গেলেও ফেরার ম্যাচে ফের দারুণ ব্যাটিং করলেন।

জাকিরের এমন ব্যাটিংয়ের পেছনে প্রথম শ্রেণির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লেগেছে মনে করেন লিটন।

"আমার মনে হয়, জাকির ৬০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। আপনি যত বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, চার দিনের ম্যাচ খেলবেন, আপনার খেলাটি সম্পর্কে ধারণা তত বাড়বে। যদিও কদিন আগে অভিষেক হয়েছে। কিন্তু যে প্রক্রিয়াটা... চার দিন ও পাঁচ দিনের ম্যাচে একই রকম হয়। আমার মনে হয় এটি অনেক সাহায্য করে।"

"আপনি যদি একজন ক্রিকেটারকে চার-পাঁচ ম্যাচ পরই নিয়ে আসেন, আর আরেকজনকে ৬০-৭০ ম্যাচ খেলার পর আনেন; তাদের মধ্যে পার্থক্য অনেকটা বোঝা যায় যে মানসিকতার অবস্থাটা কোন জায়গায় থাকে। অবশ্যই যত বেশি লাল বলের ম্যাচ খেলতে পারবে, ততই টেস্ট ক্রিকেটের জন্য সহজ হবে।"

জাকিরের ঠিক বিপরীত অবস্থায় ছিলেন শান্ত। গত বছরের মাঝামাঝি সময়েও ছন্দে না থাকার কারণে নিয়মিত সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। তবে গত ৭-৮ মাস ধরে তিন সংস্করণেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শান্তর পরিবর্তনটা কাছ থেকেই দেখেছেন লিটন।

"শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগে। শান্তর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে। জানি না কতটুকু সাহায্য হয়েছে তার। তবে আমার যেটা মনে হয়, অনুশীলনের পদ্ধতি হয়তো একটু বদলেছে তার। আগে যেভাবে অনুশীলন করত, তার এখন একটু গোছানো।"

"আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকবেন নিয়মিত, তখন কিন্তু জানবেন আপনার ঘাটতি কী? কোন জায়গায় আপনি শক্তিশালী, কোন জায়গায় দুর্বল? সে এই বিষয়টা খুব ভালোভাবে খুঁজে পেয়েছে। ওভাবেই অনুশীলন করেছে। এটা অনেক ভালো দিক। আমি চাই, ও যেভাবে খেলছে, এটা যেন ধরে রাখে। তবে আবার খারাপ সময় আসবে। ও যদি ধরে রাখতে পারে, কীভাবে সফল হয়েছে তা যদি অনুসরণ করতে পারে, তাহলে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।"